Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাস যোজনার চূড়ান্ত তালিকায় নাম নেই চাকুলিয়ার বহু হতদরিদ্র পরিবারের  

আবাস যোজনার চূড়ান্ত তালিকায় নাম নেই চাকুলিয়ার বহু হতদরিদ্র পরিবারের
 
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: চাকুলিয়ায় আবাস যোজনায় নাম নেই বহু হতদরিদ্র পরিবারের। প্রতিদিনই জমা পড়ছে অভিযোগ। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রতিনিধিরা। দরিদ্র হয়েও যাঁরা প্রকল্পের তালিকা থেকে বাদ পড়েছেন তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে।
Advertisement
চাকুলিয়া ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রথমে আবাস যোজনার তালিকায় ২৫ হাজার ৬০৬ জনের নাম ছিল। পরে একাধিক সার্ভের পর ২০ হাজার উপভোক্তার নাম তালিকায় স্থান পেয়েছে। তালিকায় স্থান পাওয়া উপভোক্তাদের মধ্যে প্রথম ধাপে ৫ হাজার ২৮ জন গৃহ নির্মাণের টাকা পেতে চলেছেন। অভিযোগ, বেশকিছু দরিদ্র পরিবারের মহিলার নাম প্রথম তালিকায় ছিল। কিন্তু চূড়ান্ত তালিকা থেকে তাঁরা বাদ পড়েছেন। চাকুলিয়ার এক বিধবা মহিলা বেহুলা বর্মন বলেন, আবাস যোজনার তালিকায় আমার নাম ছিল। কিন্তু চুড়ান্ত তালিকা থেকে নাম বাদ পড়েছে। আমার স্বপ্ন ভেঙে গিয়েছে। আমি লোকের বাড়িতে রান্না করে সংসার চালাই। আমার একমাত্র ছেলে মানসিক ভারসাম্যহীন। এখন মাটির ঘরে বাস করি। ঘরের অবস্থাও ভালো নয়। একদিকে হেলে পড়েছে। আমার একটি ঘরের খুবই দরকার। ব্লক প্রশাসনের কাছে এজন্য আবেদন জানিয়েছি।
চাকুলিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম বলেন, দরিদ্র পরিবার হওয়ার পরেও অনেকের নাম আবাস যোজনার চূড়ান্ত তালিকায় স্থান পায়নি। প্রতিদিনই চার-পাঁচটি এমন অভিযোগ পাচ্ছি। যাঁরা এধরনের অভিযোগ করছেন আমরা তাঁদের একটি তালিকা তৈরি করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেই তালিকা পাঠাব। যাতে কেউ বঞ্চিত না হন। 
অভিযোগ, আর্থিক সঙ্গতি থাকার পরেও বেশকিছু পরিবার চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে। এই প্রসঙ্গে আনোয়ার সাহেব বলেন, এমন অভিযোগও কিছু পেয়েছি। তাঁদেরও একটি তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব, যাতে কর্তৃপক্ষ সঠিক তদন্ত করে দেখে।
সম্পর্কিত সংবাদ