নিজস্ব প্রতিনিধি, তমলুক: আবাস যোজনায় প্রথম কিস্তি বাবদ পূর্ব মেদিনীপুর জেলাকে ৩৩২কোটি ৪৭লক্ষ টাকা পাঠাল রাজ্য। মঙ্গলবার প্রথম দিনে ৫৫হাজার ৪২২জন উপভোক্তার জন্য অর্থ বরাদ্দ হয়েছে। তিনদিনের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এছাড়াও আরও ৯০হাজার ৯৪৩জন উপভোক্তা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে(পিডব্লুএল) আছেন। ধাপে ধাপে তাঁদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে। প্রথম পর্যায়ে অনুমোদন হওয়া এবং সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগের ভিত্তিতে তৈরি লিস্টের উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে।
Advertisement
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরে আবাস যোজনায় ১লক্ষ ৪৬হাজার ৩৮৮জনের নাম চূড়ান্ত হয়েছে। তারমধ্যে অনুমোদিত ৪৪হাজার ৯২৬জন এবং গ্রিভান্স সেল থেকে আসা আরও ১০হাজার ৪৯৬জনের অ্যাকাউন্টে প্রথমে টাকা ঢুকতে শুরু করেছে। মঙ্গলবার রাজ্যে আবাস যোজনায় টাকা দেওয়া উপলক্ষ্যে ভার্চুয়াল অনুষ্ঠানে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন অংশ নিয়েছিল। তমলুক ডিএম অফিসে মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, সভাধিপতি উত্তম বারিক, জেলাশাসক পূর্ণেন্দু মাজী, পুলিস সুপার সৌম্যদীপ ভট্টাচার্য সহ বিধায়ক এবং জেলা প্রশাসনের অন্যান্য অফিসাররা অংশ নিয়েছিলেন।



