Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাসে উপযুক্ত উপভোক্তার খোঁজে এবার উর্দিধারীরা, আজ থেকে সুপার চেকিং পুলিসের

আবাসে উপযুক্ত উপভোক্তার খোঁজে এবার উর্দিধারীরা, আজ থেকে সুপার চেকিং পুলিসের
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আবাস প্লাসের প্রকৃত প্রাপক খুঁজতে বাড়ি বাড়ি যাবে পুলিস। আজ, বৃহস্পতিবার থেকে হুগলি জেলাজুড়ে সুপার চেকিং করবে পুলিস। প্রাপকদের তালিকা খতিয়ে দেখার পর আগামী ২৯ নভেম্বর পঞ্চায়েত, বিডিও ও জেলাশাসকের অফিসে টাঙানো হবে সম্ভাব্য আবাস প্রাপকদের তালিকা। 
Advertisement
হুগলির পুলিস সুপার কামনাশিস সেন বলেন, জেলা প্রশাসনের নির্দেশমতো আবাসের চেকিং করবেন পুলিস আধিকারিকরা। এরজন্য যা গাইডলাইন আছে তাও মানা হচ্ছে প্রত্যেক থানা এলাকায়। 
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের নির্দেশে গত অক্টোবর মাস থেকে প্রশাসন আবাস প্লাসের সমীক্ষা শুরু করেছে। অপেক্ষমান অগ্রাধিকার তালিকা অনুযায়ী সেই সমীক্ষা হচ্ছে। প্রাথমিক সমীক্ষার পর প্রশাসনের শীর্ষ আধিকারিকরাও বাড়ি বাড়ি ঘুরে সুপার চেকিং করেছেন। এবার পুলিস আধিকারিকরাও একবার দেখে নেবেন সম্ভাব্য প্রাপক তালিকার নামগুলি। এরজন্য বাড়িতে গিয়েও তাঁরা তথ্য খতিয়ে দেখতে পারেন। নির্দিষ্ট আপের মাধ্যমে তথ্য পূরণ করতে হবে তাঁদের। সেইমতো আগামী ২৮ নভেম্বরের সম্ভাব্য প্রাপকের তালিকা তৈরির প্রস্তুতি নেবে জেলা প্রশাসন। ২৯ নভেম্বর হুগলির সমস্ত পঞ্চায়েত, বিডিও অফিস ও জেলাশাসকের অফিসে ওই তালিকা টাঙিয়ে দেওয়া হবে। প্রকাশ করা হবে প্রশাসনের ওয়েবসাইটেও। সেই তালিকা দেখে কারও কোনও আপত্তি থাকলে প্রশাসনের কাছে সেই ব্যাপারে অভিযোগ জানানো হবে। এরপর ১১ ডিসেম্বরের মধ্যে গ্রাম সভা থেকে তালিকার অনুমোদন নেওয়া হবে। তার দু’দিনের মধ্যে ব্লক স্তরের কমিটি অনুমোদন দেবেন। ১৬ ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি চূড়ান্ত অনুমোদন দেবে। তারপর ২৩ ডিসেম্বরের মধ্যে আবাসের জন্য ফান্ড দেওয়ার কাজ শুরু হবে বলে প্রশাসনিকভাবে একটি ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। 
পুলিসের এক আধিকারিক বলেন, থানা এলাকায় থাকা প্রাপকদের তালিকা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। এরজন্য একজনকে নোডাল অফিসার হিসেবেও দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে প্রকৃতরাই আবাসের সুবিধা পান সেই দিকটি নিশ্চিত করতে নিখুঁত সমীক্ষা করা হচ্ছে। 
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হুগলিতে আবাসের সমীক্ষা করতে প্রশাসনের তরফে কয়েকশো টিম গঠন করা হয়। একইভাবে পুলিসের ক্ষেত্রেও বিভিন্ন থানা এলাকায় টিম গড়ে দেওয়া হয়েছে। তবে প্রশাসনের তরফে করা সমীক্ষায় গত মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, প্রায় এক লক্ষ ৬৫ হাজার ব্যক্তির বাড়ির সমীক্ষা করা হবে। এখনও পর্যন্ত ৯০ শতাংশ সমীক্ষার কাজ শেষ হয়ে গিয়েছে। তারমধ্যের আবার তালিকায় নাম থাকা প্রায় ২৩ শতাংশ ব্যক্তি বাড়ি পাওয়ার ‘অযোগ্য’ বলে প্রাথমিকভাবে চিহ্নিত হয়েছে। যদিও প্রশাসনের দাবি, সুপার চেকিংয়ের মাধ্যমে সেইসব বাড়িগুলির বর্তমান অবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ