Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাস তালিকায় তৃণমূল নেতার নাম থাকায় বিতর্ক

আবাস তালিকায় তৃণমূল নেতার নাম থাকায় বিতর্ক
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: পাকা বাড়ি থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ অঞ্চল সম্পাদকের নাম আবাসের তালিকায় থাকায় বিতর্ক শুরু হয়েছিল। এবার হেমতাবাদ অঞ্চল সম্পাদক তথা বাড়ইবাড়ি বুথের সভাপতি ওই নেতা তন্ময় পোদ্দার দাবি করলেন নাম কেটে দেওয়া জন্য বিডিও অফিসে জানিয়েছেন।
Advertisement
মাটি কিংবা টিনের ঘর থাকা বাসিন্দাদের ক্ষেত্রে অনেক সময় তালিকায় নাম থাকছে না। এরকম পরিস্থিতিতে তৃণমূল নেতা তন্ময় পোদ্দারের নাম দেখে অবাক হয়েছিলেন অনেকে। এই ইস্যুকে অস্ত্র করে আন্দোলনের কথা ভাবছে বিরোধীরা।
বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার বলেন, আমরা চাই গরিবরা আবাস পান। কিন্তু দেখা যাচ্ছে পাকা বাড়ি থাকলেও তৃণমূল নেতার নাম রয়েছে। আমরা নাম কাটার দাবি জানিয়ে বিডিওকে অভিযোগ করেছি। নাহলে বৃহত্তর আন্দোলন হবে। তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলীর কথায়, তন্ময় সম্প্রতি পাকা বাড়ি করেছে। ঘরের জন্য কয়েক বছর আগে আবেদন করা ছিল। সেজন্যই হয়তো নাম এসেছে। তন্ময়কে বলেছি ঘরের জন্য তালিকা থেকে নাম কাটিয়ে দিতে। 
তন্ময় পোদ্দার বলেন, আমার যখন টিনের ঘর ছিল তখনই আবেদন করেছিলাম। কিছুদিন আগে পাকা ঘর তৈরি করেছি। আমি ব্লক প্রশাসনকে আবাসের তালিকা থেকে নাম কাটার অনুরোধ করেছি। আমিও চাই এই ঘর দুঃস্থ কাউকে দেওয়া হোক। 
হেমতাবাদের বিডিও সুদীপ পাল বলেন, বিষয়টি নজরে এসেছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ