Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাস তালিকা থেকে সবচেয়ে বেশি নাম বাদ ডেবরা ব্লকে, ক্ষোভ

আবাস তালিকা থেকে সবচেয়ে বেশি নাম বাদ ডেবরা ব্লকে, ক্ষোভ
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে ডেবরা ব্লকেই সবচেয়ে বেশি নাম বাদ গেল আবাস তালিকা থেকে। আবাস তালিকা সার্ভের কাজ শেষের মুখে। জেলা প্রশাসন প্রতিটি ব্লককে গুরুত্ব দিয়ে সার্ভের করার নির্দেশ দিয়েছিল। প্রশাসনের এক আধিকারিক বলেন, সার্ভেতে মোট ১১টি বিষয় খতিয়ে দেখতে বলা হয়েছিল। সেই মতো প্রতিটি এলাকা ধরে ধরে সার্ভে করা হয়।  ডেবরার বিডিও প্রিয়ব্রত রাড়ি বলেন, আমাদের ব্লকে তালিকায় ১৯ হাজার ১৭৬ জনের নাম ছিল। ১৪টি পঞ্চায়েতের প্রতিটিতে সার্ভের কাজ হয়। বৃহস্পতিবার পর্যন্ত যা তথ্য পাওয়া গিয়েছে তাতে, প্রায় ১৫ শতাংশ নাম বাদ গিয়েছে। যাঁদের নাম বাদ পড়েছে তাঁদের মধ্যে অধিকাংশের পাকা বাড়ি আছে। তিনি বলেন, জেলার মধ্যে ডেবরা ব্লকেই সবচেয়ে বেশি উপভোক্তার নাম বাদ গিয়েছে। আজ শুক্রবার সংশোধিত তালিকা বিডিও অফিসে টাঙিয়ে দেওয়া হবে।  এদিকে অভিযোগ উঠেছে, যে তালিকা ধরে সার্ভে করা হল তাতে বহু যোগ্য উপভোক্তার নাম নেই। এমন বহু বাসিন্দা আছেন, যাঁরা বাড়ি পাওয়ার যোগ্য হলেও তাঁদের নাম তালিকায় নেই। অনেকে অভিযোগ করছেন, আগে তালিকায় ছিল এমন অনেকের নামও সার্ভে তালিকা থেকে বাদ গিয়েছে। এনিয়ে এলাকায় এলাকায় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বিডিও বলেন, এখন যে তালিকা আছে তার সার্ভে চলছে। এতে নতুন করে কোনও নাম যুক্ত করা যাবে না। যাঁদের নাম বাদ গিয়েছে তাঁরা আবেদন করছেন। বিষয়টা পরে দেখা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ