সংবাদদাতা, রঘুনাথপুর: আবাস যোজনার তালিকায় তৃণমূল নেতার মায়ের নাম রয়েছে। তিনি বাড়ি পাওয়ার যোগ্য। তারপরেও তালিকা থেকে নিজের মায়ের নাম কাটালেন তৃণমূল নেতা। কাশীপুর ব্লকের সিমলা-ধানেড়া গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল অঞ্চল সহ-সভাপতি জিতেন গোস্বামী তাঁর মায়ের নাম আবাস যোজনার তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন। জিতেনবাবু বলেন, আমার মা পূর্ণিমা গোস্বামীর নাম আবাস যোজনার তালিকায় ছিল। বাড়ি পাওয়ার যোগ্য হলেও নিজেই মায়ের নাম বাদ দেওয়ার জন্য ব্লক প্রশাসনকে জানিয়েছি। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে দল করি। নিজের স্বার্থ নিয়ে দল করি না। এলাকায় গৃহহীন অবস্থায় যারা রয়েছে, তারা আগে বাড়ি পাক, সেটাই চাই।



