Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাস তালিকা থেকে বাদ পড়ল সাড়ে ছয় হাজার অযোগ্যের নাম

আবাস তালিকা থেকে বাদ পড়ল সাড়ে ছয় হাজার অযোগ্যের নাম
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম জেলাজুড়ে ৫২ হাজার ১৯ জনের নাম আবাস তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল। যাচাই প্রক্রিয়ায় তা থেকে সাড়ে ৬ হাজার নাম বাদ গিয়েছে। জেলা প্রশাসন আশ্বাস দিয়েছে, তালিকায় থাকা যোগ্য ব্যক্তিরা সকলেই বাড়ি পাবেন। 
Advertisement
আবাস যোজনা প্রকল্পে গত দুই বছর ধরে কেন্দ্রের বরাদ্দ টাকা বন্ধ রয়েছে। কেন্দ্র ২০২২ সালের নভেম্বরে ১১ লক্ষ উপভোক্তার তালিকায় অনুমোদন দেয়। কিন্তু আবাস তালিকা নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দেয়। সবুজ ও গেরুয়া শিবিরের মধ্যে যা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। আবাস উপভোক্তাদের বাড়ি তৈরির টাকা রাজ্য সরকার দেওয়ার কথা ঘোষণা করতেই উপভোক্তাদের মধ্যে আশার সঞ্চয় হয়েছিল। মানবিক দৃষ্টিতে তথ্য খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয় রাজ্যের তরফে। ঝাড়গ্রামে তথ্য খতিয়ে দেখার কাজে ব্লকভিত্তিক একাধিক টিম গঠন করে কাজ শুরু হয়। ব্লক, ভূমিসংস্কার দপ্তর ও গ্ৰাম পঞ্চায়েতের কর্মীরা এতদিন তথ্য যাচাইয়ের কাজ করছিলেন। জেলা প্রশাসনের উচ্চ আধিকারিকরাও এলাকায় গিয়ে তথ্য যাচাইয়ের কাজ খতিয়ে দেখেন। নিবিড়  সমীক্ষায় বেশকিছু অযোগ্য ব্যক্তির নাম তালিকায় থাকার প্রমাণ মিলেছে। অবশ্য সেই নাম ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে। তালিকায় অযোগ্য ব্যক্তিদের নাম ওঠার বিষয়টি প্রশাসন গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। জেলা প্রশাসনের তরফে অবশ্য যোগ্য ব্যক্তিদের বাড়ি পাওয়ার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল বলেন, আবাস তথ্য যাচাইয়ে জেলাজুড়ে সুপার চেকিং হয়েছে। আমি নিজেও কিছু এলাকা পরিদর্শন করেছি। যেখানে অসঙ্গতি মিলেছে। যাচাইয়ের পর নাম বাদ দেওয়া হয়েছে। আবাস তালিকা থেকে সাড়ে ৬ হাজার নাম বাদ দেওয়া হয়েছে। তালিকায় থাকা যোগ্য ব্যক্তিরা সকলেই আবাস প্রকল্পের টাকা পাবেন। জেলার বিরোধী শিবির আবাস তথ্য যাচাইয়ের কাজকে তৃণমূলের নতুন প্রহসন বলে উল্লেখ করছেন। সেইসঙ্গে অভিযোগ তোলা হয়েছে, যোগ্য ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। যারা তৃণমূলের তাবেদারি করে, তাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। সেটা ঢাকতেই নতুন এই আবাস সমীক্ষা। জেলার বিজেপির সহ সভাপতি দেবাশিস কুণ্ডু বলেন, তৃণমূলের স্বজনপোষণের রাজনীতি জেলার গরিব মানুষ মেনে নেবে না। নাম বাদ দেওয়া নিয়ে জেলার মানুষ অচিরেই পথে নামবেন। জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু বলেন, কেন্দ্রের বিজেপি সরকার আবাস প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। যোগ্য ব্যক্তিরা এতদিন ধরে ঘর পাচ্ছিলেন না। সেখানে রাজ্য সরকার এইসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। রাজনৈতিক স্বার্থে আবাস নিয়ে কুৎসা ছড়ানো হচ্ছে। মানুষ বিজেপির কোনও কথায় আর বিশ্বাস করে না। বিনপুর-২ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার বলেন, জেলার প্রত্যন্ত এই এলাকায় লোধা, শবর ও অন্যান্য জনজাতি সম্প্রদায়ের মানুষের বসবাস। আবাস তালিকায় নাম থাকা সত্ত্বেও এই এলাকার বাসিন্দারা কেন্দ্রের বঞ্চনায় বাড়ি পাচ্ছিলেন না। রাজ্য সরকার এই প্রকল্পে টাকা দেওয়ার কথা ঘোষণার পরেই অনেকে বাড়ি পাওয়ার আশায় বুক বাঁধছেন। ব্লকের কাঁকড়াঝোড় এলাকার বাসিন্দা পবন সিং বলেন, নতুন করে সমীক্ষার কাজ হয়েছে। তালিকায় আমার নাম আছে না বাদ গিয়েছে এখনও জানিনা । শুনছি যোগ্য ব্যক্তিরা সকলে বাড়ি পাবেন। আশা করছি এবার অন্তত বাড়ি পাব।  
সম্পর্কিত সংবাদ