Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাস: তালিকায় নাম নেই, বিক্ষোভ-অবরোধ

আবাস: তালিকায় নাম নেই, বিক্ষোভ-অবরোধ
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ফালাকাটা ও মাথাভাঙা: পুনরায় সমীক্ষা করে প্রকৃত দিনমজুর, খেটে খাওয়া মানুষকে আবাস যোজনার ঘর দিতে হবে। সোমবার এই দাবিতে ফালাকাটা বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ধর্নায় বসেন দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের ৮৮, ৮৯, ৭৭, ৭৩ নম্বর বুথের বাসিন্দারা। বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলে ধর্না। পরে বিডিওকে তাঁরা স্মারকলিপি দেন। বিডিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে বাসিন্দারা ধর্না তুলে নেন। 
Advertisement
বিক্ষোভকারীদের দাবি, আবাস যোজনার তালিকা ধরে সার্ভে শুরু হয়েছে গ্রামে। কিন্তু দেখা যাচ্ছে, প্রকৃত যাঁরা দুঃস্থ এবং আগের তালিকায় যাঁদের নাম ছিল তাঁদের অনেকেরই নাম নেই এই তালিকায়। প্রকৃত দাবিদারকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ। আবার একই বাড়ির দুই-তিনজন ব্যক্তির নাম তালিকায় আছে। স্থানীয় বাসিন্দা আশিকুল ইসলাম, রেজাউল হক প্রমুখ বলেন, বিডিও আশ্বাস দেওয়ায় আমরা ধর্না তুলে নিয়েছি। যদিও এ বিষয়ে জানতে বিডিও অনীক রায়কে টেলিফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। মেসেজেরও উত্তর পাওয়া যায়নি। তবে রবিবার তিনি জানিয়েছিলেন, তাঁর কাছে কোনও অভিযোগ জমা পড়েনি। তবুও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ ও সার্ভে টিমের সঙ্গে কথা বলবেন। 
অন্যদিকে, মাথাভাঙা-১ ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার ডাংকোবার এক বাসিন্দা আবাস যোজনার তালিকায় নাম না থাকায় পরিবার নিয়ে পথ অবরোধ করেন। যদিও, দ্রুত পুলিস গিয়ে তাঁদের রাস্তা থেকে সরিয়ে দেয়। বাবলু মিয়াঁ নামে ওই ব্যক্তির দাবি, তাঁর আর্থিক অবস্থা শোচনীয়। ফুটপাতে ভাপা পিঠে বিক্রি করে সংসার চালান। তারপরও আবাস যোজনায় নাম ওঠেনি। এদিন পরিবার নিয়ে রাস্তায় এসে অবস্থানে বসেন। পরবর্তীতে বিডিও অফিসে গিয়েও চিৎকার জুড়ে দেন ওই ব্যক্তি। এব্যাপারে পচাগড় গ্রামপঞ্চায়েতের উপপ্রধান কল্যানী রায় বলেন, ডাংকোবা এলাকার বাসিন্দা বাবলু মিয়াঁর নাম আবাস তালিকায় নেই এমনটা শুনেছি। পরবর্তীতে তাকে তালিকা ভুক্ত করার চেষ্টা করব।
সম্পর্কিত সংবাদ