Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাস তালিকায় নেই যোগ্যদের নাম, বিক্ষোভ জিতুজুড়ি পঞ্চায়েতে

আবাস তালিকায় নেই যোগ্যদের নাম, বিক্ষোভ জিতুজুড়ি পঞ্চায়েতে
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: আবাস তালিকা থেকে যোগ্যদের নাম বাদ দেওয়ার অভিযোগে ফের বিক্ষোভ মানবাজারে। ধানাড়া, বারমেশ্যা-রামনগর গ্রাম পঞ্চায়েতের পর এবার জিতুজুড়ি গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকালে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত অফিসের সামনে জমায়েত হন এলাকার মানুষ। অঞ্চলের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দা পঞ্চায়েতের গেটের সামনে বিক্ষোভ দেখান। পঞ্চায়েতের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। অভিযোগ, অনেক যোগ্য ব্যক্তির নাম সার্ভেতে বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে পঞ্চায়েতে জানতে চাওয়া হলে কোনও সদুত্তর মেলেনি। প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা। খবর পেয়ে সেখানে পৌঁছয় মানবাজার থানার পুলিস ও মানবাজার ১ ব্লকের বিডিও দেবাশিস ধর সহ যুগ্ম বিডিও। তাঁরা বিষয়টি দেখার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। স্বাভাবিক হয় যান চলাচল।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সার্ভের পর পুরুলিয়ার মানবাজার ১ ব্লকের জিতুজুড়ি গ্রাম পঞ্চায়েতে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়। দেখা যায় অনেক যোগ্য ব্যক্তির নাম বাদ দেওয়া হয়েছে। অভিযোগ, যাঁদের কাঁচা মাটির বাড়ি, অভাবের সংসার, তাঁদের নামও তালিকা থেকে বাদ পড়েছে। এর প্রতিবাদে এদিন পঞ্চায়েতের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। বিডিও দেবাশিস ধর সাংবাদিকদের বলেন, এখানে একটা বিক্ষোভ হয়েছিল, আমরা কিছু অভিযোগ পেয়েছি। সেগুলো অত্যন্ত মানবিকতার সঙ্গে দেখা হবে।
এক বিক্ষোভকারী, জিতুজুড়ি গ্রামের বাসিন্দা সঞ্চিতা কর্মকার বলেন, আমার মাটির বাড়ি ভেঙে পড়েছে, তবুও ঘর মেলেনি। অনেকদিন ধরেই শুনছি সার্ভে করে হয়েছে। তারপরও নাম বাদ দেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ