Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাসে টাকা নেওয়ার অভিযোগ পঞ্চায়েত সহায়ক, কর্মীর বিরুদ্ধে 

আবাসে টাকা নেওয়ার অভিযোগ পঞ্চায়েত সহায়ক, কর্মীর বিরুদ্ধে 
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াচক: আবাস প্লাসের সমীক্ষায় গিয়ে টাকা তোলার অভিযোগ উঠল গ্রাম পঞ্চায়েতের সঙ্গে জড়িত এক ব্যক্তি সহ দু’জনের বিরুদ্ধে। অভিযোগ, বেশ কিছুদিন আগে আবাসের সমীক্ষায় গিয়েছিলেন কালিয়াচক ৩ নম্বর ব্লকের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের তরফে এক কর্মী সহ দু’জন। সমীক্ষায় গিয়ে তাঁরা মানুষের কাছে টাকা দাবি করেন। যাঁরা টাকা দিয়েছেন, তাঁদের নাম তালিকায় থেকে যায়। যাঁরা টাকা দিতে পারেননি, তাঁদের নাম আবাসের তালিকা থেকে বাদ গিয়েছে।  
Advertisement
বাখরাবাদের বাসিন্দা রুহুল শেখের কথায়, আমার মায়ের নাম আবাসের তালিকায় ছিল। সার্ভেতে এসে আমার মায়ের কাছে টাকা দাবি করেন ওই দু’জন। টাকা দিইনি বলে মায়ের নাম তালিকা থেকে বাদ যায়। 
রুহুলের বক্তব্য, এলাকায় এমন অনেকেই আছেন, যাঁদের বাড়ি পাকা রয়েছে। এমনকী অনেকের দোতলা বাড়িও রয়েছে। কিন্তু তারপরও তাদের নাম আবাসের তালিকায় রয়েছে। এলাকার বাসিন্দা মোস্তফা শেখ জানিয়েছেন, ঘরের তালিকায় এমন অনেক নাম রয়েছে, যাঁরা ঘর পাওয়ার অযোগ্য। পাকা বাড়ি নেই, এমন অনেকের নাম তালিকা থেকে বাদ পড়েছে টাকা না দিতে পারার কারণে। আমরা এনিয়ে জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছি। 
মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুর রহিম জানিয়েছেন, টাকা তোলার বিষয়টি জানি না। খোঁজখবর নিয়ে দেখব। অন্যদিকে অভিযুক্তদের মধ্যে একজনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রশ্ন শোনার পরেই ফোন কেটে দেন। এরপর বারবার ফোন ও মেসেজ করা হলেও তিনি উত্তর দেননি। অপর অভিযুক্ত ব্যক্তি এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
সম্পর্কিত সংবাদ