Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাস প্রকল্পের বাড়ি দেবেন মুখ্যমন্ত্রীই মেদিনীপুরে ভোট প্রচারে বার্তা রাজীবের

আবাস প্রকল্পের বাড়ি দেবেন মুখ্যমন্ত্রীই মেদিনীপুরে ভোট প্রচারে বার্তা রাজীবের
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: আবাসের বাড়ি যদি কেউ দেয়, তবে তা দেবেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মেদিনীপুর সদর ব্লকের গ্রামীণ এলাকায় উপনির্বাচনের প্রচারে গিয়ে এই বার্তা দিলেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন রাজীববাবুর নেতৃত্বে বাড়ি বাড়ি প্রচারে তৃণমূল কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
Advertisement
রাজীববাবু এদিন গুড়গুড়িপাল, চাঁদড়া সহ নানা এলাকায় জনসংযোগ করেন। আইএনটিটিইউসির সভাপতি গোপাল খাটুয়া সহ দলের প্রথম সারির নেতৃত্ব তাঁর সঙ্গে জনসংযোগে অংশ নেন। দলের কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠকও করেছেন রাজীববাবু। তিনি ভোটের দিনের স্ট্র্যাটেজি তৈরিতে স্থানীয় নেতাকর্মীদের নানা পরামর্শ দেন।
এদিন রাজীববাবু বলেন, গ্রামে গ্রামে ঘুরে মানুষের সঙ্গে কথা বললাম। এখন প্রত্যন্ত এলাকার মানুষও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তবে অনেক জায়গায় দেখেছি, আবাসের বাড়ি না পেয়ে বহু মানুষ অসুবিধায় পড়েছেন। আসলে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার জন্যই তাঁরা এতদিন বাড়ি পাননি। মানুষ বাড়ি পেলে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই পাবেন।
এদিন সকালে রাজীববাবু প্রথমে লোহাটিকরি এলাকায় প্রচারে যান। সেখানে লোধাপাড়ার বাসিন্দাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলেন। ওই এলাকার মানুষ নানা প্রকল্পের সুবিধা পেলেও বাড়ি পাননি। ফলে তাঁদের বর্ষাকালে ব্যাপক সমস্যায় পড়তে হয়। অনেকের পুরনো বাড়ি ভেঙে গিয়েছে। সেখানকার বিড়িশ্রমিকদের সঙ্গেও রাজীববাবু কথা বলেন। লোধাপাড়ার বাসিন্দা বৈদ্য মল্লিক বলেন, এই এলাকার বেশিরভাগ মানুষ বিড়ি বেঁধে জীবিকা নির্বাহ করেন। এখন নানা সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছি। কিন্তু বাড়ি না পাওয়ায় খুব অসুবিধা হচ্ছে। সেটা ভোট চাইতে আসা নেতাকে জানিয়েছি।
এরপর চাঁদড়ায় গিয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করেন রাজীববাবু। তৃণমূলের স্থানীয় নেতৃত্বকে দ্বন্দ্ব ভুলে একসঙ্গে চলার বার্তা দেন। উপনির্বাচনে জয়ের মার্জিন আরও বাড়াতে উৎসাহ দেন। পরে গুড়গুড়িপালে দলীয় কার্যালয় লাগোয়া গাছতলায় বসে দীর্ঘক্ষণ বৈঠক করেন। সেখানে নেতাকর্মীদের প্রচারে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়। দলীয় কার্যালয় লাগোয়া বিভিন্ন বাড়িতে গিয়েও তিনি প্রচার করেন। স্থানীয়দের অভাব-অভিযোগ শোনেন।
গুড়গুড়িপালের বাসিন্দা সাহেব দিন্দা বলেন, বাড়ি না পেয়ে খুব সমস্যায় পড়েছি। রাজীববাবু জানিয়ে গেলেন, ডিসেম্বর থেকে সমস্যার সমাধান হবে। মুখ্যমন্ত্রী যদি আমাদের বাড়ি দেন, তবে আমরা চিরকৃতজ্ঞ থাকব। রাজীববাবু বলেন, কেন্দ্রীয় সরকার মানুষের জন্য কী করেছে-এপ্রশ্নের কোনও উত্তর বিজেপি নেতারা দিতে পারবেন না। তাঁরা শুধু ভাঁওতা দিতে জানেন।
সম্পর্কিত সংবাদ