Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাসে অনিয়ম, অভিযোগ তুলে বিডিও অফিসে বিক্ষোভ

আবাসে অনিয়ম, অভিযোগ তুলে বিডিও অফিসে বিক্ষোভ
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: আবাসের তালিকায় অনিয়মের অভিযোগ তুলে মালদহের রতুয়া-১ ব্লক প্রশাসনিক ভবনের সামনে সোমবার বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রকৃত উপভোক্তার নাম আবাসের তালিকায় নেই। অথচ যাঁদের পাকা বাড়ি রয়েছে, তাঁদের নাম তালিকায়। কাটমানি না দেওয়ায় প্রকৃত উপভোক্তাদের তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়েছে। ব্লক প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। 
Advertisement
এদিন স্থানীয়রা আবাস যোজনার তালিকায় নাম না থাকায় ব্লক প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান। এদিন বিক্ষোভকারীদের অভিযোগ শোনেন বিডিও রাকেশ টোপ্পো। তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে  বিক্ষোভ প্রত্যাহার করেন স্থানীয় বাসিন্দারা। 
চাঁদমণি- ১ গ্রাম পঞ্চায়েতের সিকটাহার গ্রামের বাসিন্দা কাউসার আলি বলেন,  যাঁদের পাকা ছাদের বাড়ি রয়েছে, তাঁদের নাম আবাসের তালিকায়। কিন্তু গরিব, খেটে খাওয়াদের নাম আবাসের তালিকায় নেই। জনপ্রতিনিধিদের কাটমানি দিতে পারেননি বলে তাঁদের সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। 
বিক্ষোভকারী কাউসারের দাবি, যাঁদের মাটির দেওয়াল, বাঁশের দেওয়াল, টালির ছাদ, তাঁদের আবাসের তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে। অযোগ্যদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে। 
বিডিও রাকেশ টোপ্পো বলেন, বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। এই বিষয়ে তাঁদের লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। আবাসের তালিকায় কোনও অনিয়ম হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
সম্পর্কিত সংবাদ