Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাসে নাম থাকা ব্যক্তির ঘর দেখানো নিয়ে ঝামেলা, জখম ৩

আবাসে নাম থাকা ব্যক্তির ঘর দেখানো নিয়ে ঝামেলা, জখম ৩
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করণদিঘি: আবাস তালিকায় নাম থাকা একজনের বাড়ি সমীক্ষদের দেখানো নিয়ে ঝামেলার পর সংঘর্ষে আহত হলেন তিনজন। আহত শেখ মিরাজ, শেখ সাগির, শেখ ইজাহারকে রায়গঞ্জ মেডিক্যালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে করণদিঘি ব্লকের লাহুতাড়া ২ গ্ৰাম পঞ্চায়েতের কামাত গ্ৰামে। তৃণমূল পঞ্চায়েত সদস্য রেজাউল রহমান জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে কামাত গ্ৰামের বাসিন্দা আসমা বিবির বাড়ি দেখতে আসেন ব্লক প্রশাসনের দুই সমীক্ষক। সেই সময় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য শেখ মজিবুল সমীক্ষক দলে থাকা দু’জনকে আসমার আসল বাড়ি না দেখিয়ে অন্য একটি দেখিয়ে দেয়। ওই সময় পাশে থাকা একটি ছেলে সমীক্ষকদের সামনেই বলে, আসমার বাড়ি ভুল দেখানো হয়েছে। তখনই ছেলেটির উপর চড়াও হয় মজিবুল সহ তার সঙ্গীরা। পরে পুলিস এলে পরিস্থিতি সামলানোর পর পর আসমার বাড়ি পরিদর্শন করে চলে যায় সমীক্ষক দল। তখনকার মতো ঝামেলা মিটে গেলেও পরিস্থিতি অন্যদিকে মোড় নেয় সন্ধ্যার পর। কামাত বটতলা মোড়ে ওই ছেলেটির বাবার একটি মুদি দোকান রয়েছে। সেখানে মজিবুল দলবল নিয়ে গিয়ে দোকানদার শেখ সাগির ও তাঁর ছেলে ইজাহার সহ আরও এক যুবককে বাঁশ দিয়ে মারধর করার পর দোকান ভাঙচুর করে বলে অভিযোগ।
Advertisement
মঙ্গলবার রাতে আহত তিনজনকে উদ্ধার করে করণদিঘি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিত্সার পর পাঠানো হয় রায়গঞ্জ মেডিক্যালে। অভিযোগ অস্বীকার করে মজিবুল বলেন, একটি বাড়ি দেখতে এসেছিল সমীক্ষক দল। তাদের ঠিক বাড়ি দেখানো হয়েছিল। সমীক্ষক দল চলে যাওয়ার পর কয়েকজন ওই ছেলেটিকে গালিগালাজ করে। প্রতিবাদ করলে মারপিট হয়। করণদিঘি থানার পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
সম্পর্কিত সংবাদ