সংবাদদাতা, ধূপগুড়ি: সাইকেল ভ্যান চালিয়ে ধূপগুড়ি বিডিও অফিসে সটান হাজির বৃদ্ধ দম্পতি। ধর্নায় বসে পড়েন তাঁরা। দম্পতির অভিযোগ, আবাস যোজনার তালিকায় প্রথমে নাম থাকলেও এখন নাম নেই। সোমবার বিডিও অফিসের সামনে দম্পতি ধর্নায় বসায় চাঞ্চল্য ছড়ায়। ধূপগুড়ি ব্লকের গাদং-১ গ্রাম পঞ্চায়েতের পূর্ব ডাঙাপাড়ার বাসিন্দা ৮৪ বছর বয়সি ধনেশ্বর রায় ও তাঁর স্ত্রী দুনোবালা রায় ভাঙাচোরা ঘরে থাকেন। এক ছেলে থাকলেও তিনি আলাদাই থাকেন। বৃদ্ধ ভ্যান চালিয়ে কোনওরকমে সংসার চালিয়ে যাচ্ছেন। আবাস যোজনার প্রথম তালিকায় তাঁর নাম ছিল, দাবি বৃদ্ধের। কিন্তু দ্বিতীয় তালিকায় নাম বাদ গিয়েছে বলে জানান তিনি। বহু আশায় ছিলেন সরকারি ঘর পাবেন, কিন্তু নাম না থাকায় তাঁরা বিডিও অফিসে ধর্নায় বসেন। যদিও এ বিষয়ে ধূপগুড়ির বিডিও সঞ্জয় প্রধান বলেন, ওই ব্যক্তি দাবি করছেন তিনি বঞ্চিত হয়েছেন। কিন্তু সরকারি গাইডলাইন দেখেই সমস্ত কিছু করা হয়েছে। পরবর্তীতে যদি কোনও সুযোগ থাকে তাহলে ওঁকে ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে।



