সংবাদদাতা, নাগরাকাটা: বাংলা আবাস যোজনার তালিকায় নাম থাকলেও সমীক্ষার পর চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ পড়ার ক্ষিপ্ত বাসিন্দারা। মঙ্গলবার বিকেলে মিছিল করে মেটেলি বিডিও অফিসে এসে বিক্ষোভ দেখান মাটিয়ালি বাতাবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের আবেদনকারীদের একাংশ। আলি হোসেন পাড়া, স্কুলপাড়া, মঙ্গলবাড়ি বাজার এলাকার বাসিন্দারা আন্দোলনে শামিল হন। তাঁদের অভিযোগ, প্রথমে তাঁদের নাম থাকলেও সমীক্ষার পর দেখা যায় তাঁদের নাম বাদ পড়েছে। গফিরুউদ্দিন রহমান নামে এক অভিযোগকারী বলেন, বাংলা আবাস যোজনা প্রাপকের তালিকায় নাম ছিল আমার। বাড়িতে এসে সমীক্ষাও করা হয়েছে। কিন্তু পরবর্তীতে চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ যায় দেখি। অনেক গরিব মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। দেখছি, চূড়ান্ত তালিকায় বেশকিছু বিত্তশালী লোকের নাম আছে। অবিলম্বে ফের সমীক্ষা করে প্রকৃত দুঃস্থদের নাম তালিকায় তুলে ঘর দেওয়ার দাবি বিডিও’কে জানিয়েছি আমরা।
জয়েন্ট বিডিও সৌরভ ঘাটাইত বলেন, বাংলা আবাস যোজনা নিয়ে বেশকিছু অভিযোগের কথা লোকজন এসে জানিয়ে গিয়েছে। ঊধ্বর্তন কর্তৃপক্ষকে তাঁদের দাবির ব্যাপারে জানানো হবে।