Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবাস নিয়ে অভিযোগ জানাতেই বিজেপি পঞ্চায়েত সদস্যকে হুমকি

আবাস নিয়ে অভিযোগ জানাতেই বিজেপি পঞ্চায়েত সদস্যকে হুমকি
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: আবাসে অনিয়ম হয়েছে বলে বিডিও’র কাছে অভিযোগ জানিয়েছিলেন বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য। সেই অভিযোগ প্রত্যাহার করতে পঞ্চায়েত সদস্যকে হুমকি দেওয়া হচ্ছে। এমনটাই দাবি করে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন পঞ্চায়েত সদস্য মনোজ বর্মন। 
Advertisement
যোগ্যরা ঘর পায়নি, এই অভিযোগ তুলে বৃহস্পতিবার ২৫ জনের একটি তালিকা নিয়ে কালিয়াগঞ্জ বিডিও’র দ্বারস্থ হন অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মনোজ। সেই তালিকা ফের যাচাইয়ের আবেদন জানান তিনি। বিডিও অফিসে অভিযোগ করার পরই  মনোজ ও তাঁর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বৃহস্পতিবার কয়েকজন তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলার হুমকি দেয় বলে দাবি মনোজের। শুক্রবারও মনোজের বাড়িতে আসে কয়েকজন। মনোজের দাবি, তৃণমূলের লোকজন এসে হুমকি দিচ্ছে। ভয়ে পুলিসের দ্বারস্থ হয়েছি। যদিও বিজেপি নেতার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের অনন্তপুর অঞ্চল সভাপতি উত্তম সরকার। বলেন, এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয়। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। 
কালিয়াগঞ্জের বিডিও প্রশান্ত রায় বলেন, আবাস নিয়ে অভিযোগ জমা  পড়েছে। সেই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তবে অভিযোগ তুলতে কোনও চাপের বিষয় আমার জানা নেই। 
সম্পর্কিত সংবাদ