সংবাদদাতা, দিনহাটা: আজ, বৃহস্পতিবার শেষ হবে দিনহাটাতে বাংলা আবাস যোজনার সার্ভের কাজ। তারপরেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে ঘরের টাকা। সেই টাকা নিয়ে গ্রাম পঞ্চায়েত স্তরে যাতে দুর্নীতি না হয় সেজন্য পঞ্চায়েত সদস্য সহ দলের নেতাদের সতর্ক করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। বুধবার নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে জরুরি ভিত্তিতে সভা করেন মন্ত্রী। রুদ্ধদ্বার বৈঠকে গ্রামীণ এলাকার নেতাদের একাধিক বার্তা দেন তিনি। আবাস যোজনার ঘরের টাকায় দুর্নীতি করা যাবে না। কেউ যদি ঘরের টাকা নিয়ে থাকে, তা দ্রুত ফিরিয়ে দিতে হবে। নইলে ব্যবস্থা নেওয়া হবে সেই সদস্যের বিরুদ্ধে। নিজেদের পাকা বাড়ি থাকলে ঘর নেওয়া যাবে না। অবিলম্বে বিডিও’র কাছে দরখাস্ত করে আবাসের ঘর ফেরাতে হবে তাদের। যদিও প্রকাশ্যে এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি মন্ত্রী। সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে বলে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে। ৫ ডিসেম্বর আবাস যোজনার সার্ভের শেষ দিন। চূড়ান্ত তালিকা তৈরির পরেই মিলবে টাকা। অনেক জায়গা থেকেই গ্রাম পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে উপভোক্তাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ আসছে। ২০ থেকে ৩০ হাজার টাকা করে দাবি করা হচ্ছে উপভোক্তাদের কাছ থেকে। ঘরের তালিকায় নাম না থাকলেও ভুল বুঝিয়ে টাকা নিচ্ছে অনেকেই। তৃণমূলের অনেক নেতারই পাকা বাড়ি রয়েছে। অথচ গ্রামের অনেক গরিব মানুষের নাম নেই আবাস তালিকাতে। পাকা বাড়ি থাকা নেতা নতুন করে ঘর পেলে ভুল বার্তা যাবে। সেই কারণেই পাকা বাড়িতে থাকা নেতাকে ঘর সারান্ডার করতে হবে প্রশাসনের কাছে, বলে নির্দেশ দেওয়া হয়েছে। ঘরের নামে যারা টাকা তুলেছে তাদেরও ফেরাতে হবে টাকা। দুর্নীতির অভিযোগ উঠলেই নেওয়া হবে কড়া ব্যবস্থা। তৃণমূলের দিনহাটা-২ ব্লক সভাপতি দীপককুমার ভট্টাচার্য বলেন, দলের সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। প্রকাশ্যে এ নিয়ে কোনও মন্তব্য করব না। মন্ত্রী বলেন, দিনহাটা বিধানসভার গ্রামীণ এলাকার নেতাদের নিয়ে বৈঠক হয়েছে। সাংগঠনিক বিষয়ে একাধিক বার্তা দেওয়া হয়েছে।



