নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: আবাস যোজনায় বাড়ির দাবিতে পুরুলিয়ার বাঘমুণ্ডিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। বাঘমুণ্ডির চড়িদা মোড়ে এদিন বিক্ষোভ দেখান স্থানীয়রা। দুপুর ২টো নাগাদ বিক্ষোভ শুরু হয়। পরে পুলিস ও প্রশাসনের আধিকারিকরা গেলে বিক্ষোভ ওঠে। বাসিন্দাদের অভিযোগ, যাঁদের পাকা বাড়ি রয়েছে, তাঁদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে। কিন্তু, যাঁরা বাড়ি পাওয়ার যোগ্য, তাঁদের নাম তালিকায় নেই। ২০২২ সালে যে তালিকা চূড়ান্ত করা হয়, তাতেই বেলাগাম দুর্নীতি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তালিকায় বেছে বেছে তৃণমূলের নেতাদের কাছের লোকেদের প্রাধান্য দেওয়া হয়েছে। অথচ, যাঁদের মাথা গোঁজার ঠাঁই টুকু নেই, তাঁদের নামই নেই তালিকায়।
Advertisement
এদিন অবরোধ চলাকালীন নিজের দুঃখ দুর্দশার কথা বলতে বলতে কেঁদেই ফেলেন রুবি সূত্রধর নামে এক গৃহবধূ। তিনি বলেন, ভাড়া বাড়িতে থাকি। দু’মাস ভাড়া দিতে পারিনি বলে মালিক বলছে ঘর খালি কর। কিন্তু, স্বামীর সেই অবস্থা নেই। কোথা থেকে ঘর পাব? পঞ্চায়েতে গিয়েছি, বিডিও অফিসে গিয়েছি। সবাই আশ্বাস দিয়েছে। কিন্তু, এখন দেখছি তালিকাতেই নাম নেই। এখন আমরা কোথায় যাব? পরের দুয়ারে কতদিন পড়ে থাকব? শুকুরমণি কালিন্দী বলেন, ব্লকে গেলেই বলছে আমরা ঘর পাব। অথচ আমাদের বাড়িতে সার্ভে হয়নি। আমরা কেন ঘর পাব না, সেই জবাব দিক আধিকারিকরা।
বাঘমুণ্ডির বিডিও আর্য তা সহ অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। যদিও বাসিন্দাদের অভিযোগ, তাঁরা আশ্বাস ছাড়া আর কিছুই দিতে পারেননি। বিক্ষোভকারীদের সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে এই অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
বাঘমুণ্ডির বিডিও আর্য তা সহ অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। যদিও বাসিন্দাদের অভিযোগ, তাঁরা আশ্বাস ছাড়া আর কিছুই দিতে পারেননি। বিক্ষোভকারীদের সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে এই অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।



