সংবাদদাতা, রামপুরহাট: আবাস প্রকল্পের তালিকায় বহু অযোগ্য ব্যক্তির নাম রয়েছে। নলহাটি ১ ব্লক অফিসে এমনই অভিযোগ করেছিলেন কলিঠা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা। সেই অভিযোগ নিয়ে মঙ্গলবার ব্লক অফিসে বৈঠক চলাকালীন বিরোধী দলনেতাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল পঞ্চায়েতের উপপ্রধান তথা এলাকার তৃণমূল নেতার বিরুদ্ধে। খবর পেয়ে পুলিস এসে ওই বিরোধী নেতাকে উদ্ধার করেন। কলিঠা গ্রাম পঞ্চায়েত এলাকায় আবাস প্রকল্পে ব্যাপক বেনিয়ম হয়েছে বলে কিছুদিন ধরেই অভিযোগ করে আসছিলেন বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা। গত ২৭ নভেম্বর তালিকা প্রকাশের পর তাঁরা দেখেন, বহু যোগ্য ব্যক্তির নাম বাদ দেওয়া হয়েছে। অথচ যাঁদের পাকা বাড়ি আছে বা এর আগেও এই প্রকল্পের সুবিধা পেয়েছেন, তাঁদের নামও রয়েছে। এরপরই পঞ্চায়েতের বিরোধী দলনেতা মহম্মদ মইম শেখ বিডিওর কাছে অভিযোগ জানান। এদিন সেই অভিযোগের ভিত্তিতে ব্লক অফিসে পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক ডাকেন বিডিও। অভিযোগ, বৈঠক চলাকালীন পঞ্চায়েতর বিরোধী দলনেতাকে বেধড়ক কিল, ঘুসির পাশাপাশি তাঁর জামা ছিঁড়ে দেয় উপপ্রধান সেলিম শেখ। অবস্থা বেগতিক বুঝে পুলিস ডাকতে বাধ্য হন বিডিও। মইম বলেন, আবাস প্রকল্পে যে বাড়ি পাচ্ছে পাক। কিন্তু কোনও যোগ্য যেন বাদ না পড়েন। বিডিওকে সেই সংক্রান্ত অভিযোগ করার কারণে অনেকের নাম তালিকা থেকে বাদ পড়েছে। সেই রাগেই উপপ্রধান ও তাঁর দলবল বিডিও অফিসের মধ্যেই আমাকে মারধর করেন। অন্যদিকে উপপ্রধান বলেন, অনেকে ঋণ নিয়ে বাড়ি করেছেন। তাঁরা উপযুক্ত প্রমাণ দেখাতে পারলে সরকারি বাড়ি দেব। কিন্তু বিরোধী ভাইরা অভিযোগ করেছেন, তাঁরা কোনও ঋণ করেননি। তাতেই অনেকের নাম তালিকা থেকে বাদ পড়েছে। যদিও বিডিও সৌরভ মেহেতা বলেন, একটা ঘটনা ঘটেছে। পুলিসকে ফোন করে ভিড় ক্লিয়ার করার পাশাপাশি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।



