Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবর্জনা সংগ্রহের জন্য আজ জেলা হাসপাতালে বালতি দেবে পুরসভা

আবর্জনা সংগ্রহের জন্য আজ জেলা হাসপাতালে বালতি দেবে পুরসভা
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলা হাসপাতালের ওয়ার্ড, নার্সিং হস্টেল এবং কোয়ার্টারে জমা বর্জ্য সংগ্রহ করবে পুরসভা। ঢাকঢোল পিটিয়ে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল। কিন্তু, হাসপাতালের ভিতরের বর্জ্য সংগ্রহের জন্য এখনও বালতিই দিতে পারেনি পুরসভা। গত সোমবার হাসপাতালে বালতি বিলির কথা থাকলেও তা দেওয়া হয়নি। পুরসভার দাবি, আজ, শনিবার বালতি বিলি করা হবে।
Advertisement
জেলা হাসপাতালের ক্যাম্পাসে জমা হওয়া বর্জ্য নিয়মিত সাফাই করে পুরসভা। এবার হাসপাতালের ওয়ার্ড, নার্সিং হস্টেল ও কোয়ার্টারের জমা আবর্জনা সংগ্রহ করবে পুরসভা। সেইমতো হাসপাতাল কর্তৃপক্ষ ছোটবড় মিলিয়ে কতগুলি বালতি লাগবে, তার একটি তালিকা পুরসভার কাছে জমাও দিয়েছিল। তালিকা পাওয়ার পর গত সোমবার হাসপাতালে সেই বালতি বিলি করার কথা ছিল। 
হাসপাতাল সুপার পরিতোষ মণ্ডল বলেন, পুরসভার সিদ্ধান্ত জানার পর হাসপাতালে বালতি দেওয়ার জায়গা চিহ্নিত করা হয়। জায়গা চিহ্নিত করে ৪০টি বড় এবং ৩৫টি ছোট বালতি দেওয়ার তালিকা পুরসভাকে দেওয়া হয়।   গত সোমবার বালতি বিলির কথা বলা হলেও তা আমরা পাইনি।  
এই ব্যাপারে পুরচেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন, নানা কারণে হাসপাতালে সময়মতো এই বালতি বিলি করা যায়নি। শনিবার জেলা হাসপাতালে এই বালতি বিলি করা হবে।
জেলা হাসপাতালের মর্গের সামনে টানা ১৪ বছর ধরে জমে থাকা বর্জ্যের স্তুপ এখনই সরছে না। ওই বর্জ্য মেডিকেল ওয়েস্ট। ওই বর্জ্য সরানোর পরিকাঠামো পুরসভার নেই। এই ব্যাপারে পুর চেয়ারম্যান বলেন, জেলা হাসপাতালের মর্গের সামনে জমা বর্জ্য সরানোর মতো আমাদের পরিকাঠামো নেই। ওই বর্জ্যের স্তুপ অন্যত্র সরানোর বিষয়টি স্বাস্থ্যদপ্তরই দেখছে।
সম্পর্কিত সংবাদ