সংবাদদাতা, পুরাতন মালদহ: বছর খানেক আগে মালদহের গাজোল পঞ্চায়েত সমিতির উদ্যোগে পর্যটন কেন্দ্র আদিনাতে ইকোপার্কের পিছনে পিকনিক স্পট তৈরির উদ্যোগ নেওয়া হয়। স্থনীয় পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনও ওই জায়গা পরির্দশন করেন। অভিযোগ, তারপরে কাজ এগয়নি। খাস জমি ওই ভাবে পড়ে রয়েছে। এনিয়ে পর্যটকরা আক্ষেপ প্রকাশ করেছেন। কারণ ডিসেম্বর থেকে আদিনা জুড়ে পিকনিকের মরশুম শুরু হয়ে যাবে। ইকো পার্কে পিকনিক করার নিয়ম নেই। তখন পিকনিক পার্টিগুলিকে বিপাকে পড়তে হবে।
Advertisement
ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি পযর্ন্ত আদিনায় প্রচুর পর্যটক আসেন। শুধু তাই নয়, বিশেষ দিনগুলিতে পিকনিকের ধুম লেগে যায়। জেলা ও জেলার বাইরে থেকে কাতারে কাতারে মানুষ পিকনিকের জন্য ছুটে আসেন। তবে তাঁদের জায়গা সহ পানীয় জল নিয়ে খুব সমস্যা হয়। তাই আদিনাতে দীর্ঘদিন ধরেই পিকনিক স্পট গড়ে তোলার দাবি তুলছিলেন পর্যটকরা। সেই দাবি ও সমস্যার তাগিদ অনুভব করে কিছু বছর আগে ইকোপার্কের পাশে পিকনিক স্পট তৈরি করতে উদ্যোগী হয়েছিল স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ। যানবাহনের জন্য পার্কিংজোন, রান্নার জন্য শেড, জল ও শৌচালয়ের ব্যবস্থা করে দেওয়ার কথা ছিল। গত বছর সেজন্য পঞ্চায়েত সমিতি থেকে জায়গাও দেখা হয়। গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বলেন, ইকোপার্কে পিকনিক হলে নোংরা হবে। সেজন্য ওই পার্কের পিছনে খাস জায়গাতে পিকনিক স্পট করার আমরা পরিকল্পনা নিয়েছি। এটা সঠিক সিদ্ধান্ত। তবে স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের সঙ্গে বসা হয়নি। আগামীতে আলোচনা করা হবে। এদিকে পাণ্ডুয়া পঞ্চায়েতের প্রধান ফুলমনি মুর্মু বলেন, ব্লক এবং স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে কাজ হবে। আমরাও কথা বলব। গাজোল ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক বিশ্বজিৎ রায় বলেন, ইকোপার্ক সংলগ্ন এলাকায় আদিনাতে কিছু জমি পশ্চিমবঙ্গের শিল্প উন্নয়ন পর্যদকে শিল্প স্থাপনের জন্য দেওয়া হয়েছে। তার পাশে জমিটি রয়েছে। এনিয়ে চিঠি পাইনি। পেলে খতিয়ে দেখা হবে।



