Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আবার বাঘের পায়ের ছাপ মিলল জঙ্গলে

আবার বাঘের পায়ের ছাপ মিলল জঙ্গলে
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: আবার বাঘের পায়ের ছাপ মিলল পুরুলিয়ার ভাঁড়ারিয়া পাহাড়ের জঙ্গল লাগোয়া এলাকায়। মাস খানেক আগে এই এলাকা থেকেই বিদায় নিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার। ফের ওই এলাকাতেই বাঘের পায়ের ছাপ মেলায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। বনদপ্তরের অনুমান, এই একটি বাঘই প্রায় দেড় মাস ধরে ঝাড়খণ্ড-বাংলা সীমানা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। কখনও এরাজ্যের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কখনও ঝাড়খণ্ডের দলমা সহ বিস্তীর্ণ এলাকায় বিচরণ করছে। তবে, এবার বাঘকে কোনও ভাবেই বিরক্ত করতে চাইছে না বনদপ্তর। 
Advertisement
বনদপ্তরের যুক্তি, এই বাঘটি জঙ্গল এলাকাতেই ঘুরে বেড়াচ্ছে। লোকালয়ে প্রবেশ করছে না। সাধারণের কোনও ক্ষতি করছে না। লোকালয়ে ঢুকে গবাদি পশু খাওয়ার ঘটনাও নেই। তাই বনদপ্তরের কর্তারা সিদ্ধান্ত নিয়েছেন, যতক্ষণ না বাঘটি সাধারণের কোনও ক্ষতি করছে, ততক্ষণ কিছু করা হবে না। তবে, বাঘটির উপর কড়া নজর রাখা হবে। তার জন্য ভাঁড়ারিয়ার জঙ্গল এলাকায় বনকর্মীরা পাহারায় রয়েছেন। এক বনকর্তা বলেন, বাঘের যাতে কেউ ক্ষতি করতে না পারে, সেদিকে আমরা সবসময় কড়া নজর রাখছি। 
বনদপ্তর সূত্রের খবর, শুক্রবার ভাঁড়ারিয়া পাহাড়ের যমুনাগোড়া এলাকায় বাঘের পায়ের টাটকা ছাপ দেখতে পাওয়া যায়। এর আগে এই এলাকায় দীর্ঘদিন ঘাঁটি গেড়েছিল জিনাত। তার সন্ধানে এই এলাকাতেই ঘাঁটি গেড়েছিল রয়্যাল বেঙ্গল। তাকে ধরতে কম কসরত করেনি বনদপ্তর। বহু টোপ দেওয়া হয়েছিল। বাঘকে খাঁচাবন্দি করতে চিড়িয়াখানা থেকে বাঘিনির প্রস্রাবও নিয়ে আসা হয়েছিল। কিন্তু কোনও টোপই কাজে আসেনি। অবশেষে পাহাড়ের একদিকে জাল দিয়ে ঘিরে শুরু হয়েছিল ৪৮ ঘণ্টার জঙ্গল অভিযান। তবুও নাগালে আসেনি ডোরাকাটা। বরং বারংবার বনদপ্তরের কর্তাদের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়েছে সে। চলে গিয়েছে ঝাড়খণ্ডে। মাঝে বাঁকুড়াতেও খোঁজ মিলেছিল তার। তারপর ফের শুক্রবার তার সন্ধান পাওয়া গেল সেই পুরাতন ডেরায়। 
শনিবারও বাঘটি ভাঁড়ারিয়ার জঙ্গল এলাকায় রয়েছে বলে অনুমান বনদপ্তরের কর্তাদের। বনদপ্তরের এক কর্তা বলেন, জঙ্গলে বাঘ থাকবে এটাই তো স্বাভাবিক। বনসৃজনের ফলে জঙ্গলের পরিমাণ বেড়েছে। তাই বাঘের আনাগোনা শুরু হয়েছে। তবে বাঘ কিংবা সাধারণ মানুষ, কারও যাতে কোনও ক্ষতি না হয়, আমরা সেদিকে নজর রাখছি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ