Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ থেকে ফের শুরু অভিষেকের ‘সেবাশ্রয়’, চলবে জানুয়ারি পর্যন্ত

প্রথম পর্যায়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া এবং অংশগ্রহণ দেখে জনস্বার্থে ফের শুরু হচ্ছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচি।

আজ থেকে ফের শুরু অভিষেকের ‘সেবাশ্রয়’, চলবে জানুয়ারি পর্যন্ত
  • ১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথম পর্যায়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া এবং অংশগ্রহণ দেখে জনস্বার্থে ফের শুরু হচ্ছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচি। আজ, সোমবার থেকে সেবাশ্রয় কর্মসূচির দ্বিতীয় পর্যায় শুরু হতে চলেছে। ডায়মন্ডহারবার এলাকার মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তৃণমূল সাংসদের এই কর্মসূচি। আগামী জানুয়ারি মাস পর্যন্ত এই কর্মসূচি চলবে। সেবাশ্রয়ের শিবির অনুষ্ঠিত হবে মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ, বিষ্ণুপুর, সাতগাছিয়া, ফলতা, ডায়মন্ডহারবার বিধানসভা কেন্দ্রে। সেখানে গিয়ে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন। চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন তাঁরা। ওইসঙ্গে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও দেওয়া হবে। তাছাড়া প্রয়োজনবোধে চশমা ও শ্রবণযন্ত্র দেওয়া হবে এই শিবির থেকে। পাশাপাশি কোনও রোগীর জটিল কোনও রোগ ধরা পড়লে তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করারও উদ্যোগ নেবে সেবশ্রয় টিম। ফলে সব মিলিয়ে স্বাস্থ্য পরিষেবায় এক বিরাট কর্মযজ্ঞ। উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত থাকবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং। মহেশতলা বিধানসভা কেন্দ্রের নিউল্যান্ড মাঠ, চক চাঁন্দুল রথতলা, সবুজ সংঘের মাঠে অনুষ্ঠিত সেবাশ্রয় শিবির পরিদর্শন করবেন অভিষেক। সেবাশ্রয়-২ কর্মসূচির ক্ষেত্রে সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, সকলের সুস্বাস্থ্য, আমাদের অঙ্গীকার।

Advertisement

এর আগে সেবাশ্রয়-১ কর্মসূচি হয়েছিল ৭৫ দিন ব্যাপী। সেখানে সাড়ে ১২ লক্ষ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছিলেন। সেইসময় ৮ লক্ষ ৯৩ হাজার মানুষের বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা করানো হয়েছিল সেবাশ্রয় শিবিরগুলিতে। তার সঙ্গে ১১ লক্ষ ২২ হাজার পেয়েছিলেন বিনামূল্যে ওষুধ। সাড়ে ছয় হাজার মানুষকে দ্রুত সুস্থ করে তুলতে বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেবাশ্রয়-১ কর্মসূচিতে দেখা গিয়েছিল, বিভিন্ন বয়সি মানুষজন এসেছিলেন শিবিরগুলিতে। তিনবছরের শিশুকন্যাও এসেছিল সেখানে। জটিল রোগের চিকিৎসা করাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে সবরকম সহযোগিতা করা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার উল্লেখ করেছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের মানুষ ৭ লক্ষ ১০ হাজার ভোটের ব্যবধানে নির্বাচিত করেছিলেন। ফলে মানুষ যেভাবে আস্থাজ্ঞাপন করেছেন, তাঁদের পাশে থাকাটাই আমার শপথ।

Advertisement
সম্পর্কিত সংবাদ