Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজয়া সম্মিলনিতে ডায়মন্ড হারবার গিয়ে শুভেচ্ছা বিনিময় অভিষেকের

সোমবার বিজয়া সম্মিলনিতে এলাকার মানুষের সঙ্গে মিলিত হলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিজয়া সম্মিলনিতে ডায়মন্ড হারবার  গিয়ে শুভেচ্ছা বিনিময় অভিষেকের
  • ১৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার বিজয়া সম্মিলনিতে এলাকার মানুষের সঙ্গে মিলিত হলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনপ্রতিনিধি এবং এলাকার সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি। সংহতি, সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা এবং বন্ধনের মধ্যে দিয়ে এলাকাকে আরও সুন্দর করে তোলার শপথ স্থানীয় মানুষজন নিয়েছেন এই বিজয়া সম্মিলনির মধ্যে দিয়ে।

Advertisement

প্রতি বছরই নিজের সংসদীয় এলাকায় বিজয়া সম্মিলনি করেন অভিষেক। এদিন পৌনে চারটে নাগাদ বিষ্ণুপুর আমতলায় সংসদীয় কার্যালয়ে আসেন ডায়মন্ড হারবারের সাংসদ। সাড়ে সাতটা পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভার তৃণমূলের জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারীরা কার্যালয়ে এসে অভিষেকের সঙ্গে সাক্ষাৎ করেন। ফুল, মিষ্টি সহ একাধিক উপহার অভিষেককে তুলে দেন তাঁরা। পাল্টা মিষ্টি মুখ করিয়ে অভিষেক সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। ডায়মন্ড হারবারের সংসদীয় এলাকা ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তের তৃণমূলের জনপ্রতিনিধি ও দলীয় পদাধিকারীরা অভিষেকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সৌজন্য বিনিময় হয়। দলীয় কার্যালয় থেকে বেরিয়ে রাস্তার দু’ধারে দাঁড়ানো সাধারণ মানুষের কাছ থেকে শুভেচ্ছা গ্রহণ এবং প্রতি নমস্কার জানিয়েছেন অভিষেক। এমনকি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উদ্দীপনা দেখে অভিষেক নিজের গাড়ির উপর উঠে পড়েন এবং ফুল ছুড়ে সকলকে শুভেচ্ছা জানান। দলীয় কার্যালয়ে যখন তৃণমূলের নেতা, জনপ্রতিনিধিদের সঙ্গে মিলিত হচ্ছিলেন, তখন এলাকার পরিস্থিতি সম্পর্কেও বিস্তারিত খোঁজখবর নিয়েছেন তিনি। এলাকায় শান্তি অটুট রাখা এবং আসন্ন সব কটি উৎসবে এলাকার সমস্ত মানুষকে শামিল করা, সম্প্রীতির পরিবেশকে অক্ষুণ্ণ রাখার বার্তা উঠে এসেছে। ভোটার তালিকায় নজর রাখা, এলাকার প্রতিটি ব্লক, অঞ্চলের দিকে নজর রাখার বার্তা উঠে এসেছে। 
কিছুদিন পরে ডায়মন্ড হারবারে ফের শুরু হবে অভিষেকের সেবাশ্রয় কর্মসূচি। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান। সেটিও খুব ভালোভাবে করার বার্তা এলাকার জনপ্রতিনিধিদের দিয়েছেন অভিষেক। এর আগে ৩ অক্টোবর কালীঘাটে নিজের বাড়িতে তৃণমূল নেতৃত্ব এবং সাধারণ মানুষের সঙ্গে মিলিত হয়েছিলেন অভিষেক। এবার তিনি নিজের সংসদীয় 
এলাকার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ