এক্স হ্যান্ডেলে বিতর্কিত পোস্ট, ভবানীপুর থানায় সাড়ে তিন ঘণ্টা জেরা অভিষেককে
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সমাজ মাধ্যমে বিতর্কিত পোস্ট সংক্রান্ত মামলায় ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল ভবানীপুর থানা। শনিবার তাঁকে তলব করা হয়েছিল। বিতর্কিত পোস্টে অভিষেক মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘বাংলা বিরোধী গুজরাতি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে উল্লেখ করেন। কেন তিনি ‘গুজরাতি গ্যাং’ কথাটি বললেন, তা নিয়ে একাধিক প্রশ্ন করা হয় তাঁকে। 

Advertisement

গত ২ মে অভিষেক মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ে এক্স হ্যান্ডেলে ওই পোস্ট করেন। ভোটের ফল বেরনোর পর ভবানীপুরের বাসিন্দা অর্ণবকান্তি দাস ওই পোস্ট নিয়ে অভিযোগ দায়ের করেছিলেন ভবানীপুর থানায়। তার ভিত্তিতে জাতিবিদ্বেষ ও গুজবের প্রচার সংক্রান্ত ধারায় মামলা রুজু হয়। সেই মামলার তদন্তেই  শনিবার ডাকা হয়েছিল অভিষেককে। এদিন বেলা ১২টা ১৯ মিনিট নাগাদ তিনি থানায় হাজির হন। অভিষেক জানান, বিজেপি নেতা অমিত মালব্য বাংলা ভাষা নিয়ে যে পোস্ট করেছিলেন, তার উত্তর দিতেই তিনি ওই পোস্ট করেন। কোনো জাতিকে অপমান করার উদ্দেশ্য ছিল না তাঁর। রাষ্ট্রের সম্মানহানিও তিনি করেননি। যদিও তদন্তকারীরা তাঁর এই জবাবে সন্তুষ্ট নন। প্রশ্নোত্তর পর্ব গোটাটাই ভিডিয়ো রেকর্ডিং করা হয়েছে। টানা সাড়ে তিন ঘণ্টা জেরার পর ছাড়া হয় তাঁকে। বাইরে এসে অভিষেক সংবাদমাধ্যমকে বলেন, ‘অমিত মালব্যকে উদ্ধৃত করে বলেছি। উনি বলেছেন, বাংলা বলে কোনো ভাষা নেই। বাংলাদেশি ভাষা আছে। বাংলাদেশি ভাষা মানে? গুজরাতি গ্যাং কারা, তা তদন্তকারীদের বলেছি। ওরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আক্রমণ করেছে। সুভাষচন্দ্র বসুকে বামপন্থী প্রোডাক্ট বলেছে। বিজেপি বাংলার কৃষ্টি-সংস্কৃতি নষ্ট করছে। সেই কারণে বিজেপিকে বাংলাবিরোধী বলে থাকি। সাম্প্রতিক সময় বিভিন্ন তদন্তে সহযোগিতা করেছি। আইনি প্রক্রিয়া থেকে কখনও পালিয়ে যাইনি। ভবিষ্যতে ডাকা হলে আবার হাজির হব। আগামী ২০ নভেম্বর অন্য একটি মামলায় আমাকে ডাকা হয়েছে বলে জানতে পেরেছি। সেদিনও থানায় পৌঁছে যাব।’