সংবাদদাতা, তেহট্ট: আগামী ১৩ তারিখ সোমবার করিমপুর রেগুলেটেড মার্কেট মাঠে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখা ও তাঁর কথা শোনার জন্য অপেক্ষায় রয়েছেন তেহট্টের তৃণমূল-কর্মী সমর্থকরা। বিশেষ করে মহিলা কর্মী-সমর্থকরা। তাঁরা করিমপুরে অভিষেকের সভায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
আগামী ২৯ এপ্রিল নদীয়া জেলায় ভোট। তেহট্ট মহকুমা এলাকায় তিনটি বিধানসভা করিমপুর, তেহট্ট ও পলাশীপাড়া। এই তিনটি বিধানসভায় ২০২১ সালে তৃণমূলের দখলে গিয়েছিল। এই তিনটি জয়ী আসন ধরে রাখতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করতে করিমপুরে আসছেন। আর তাঁর আসার খবরে উৎসাহিত তেহট্ট ও পলাশীপাড়া এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা। শুক্রবার এলাকার একটি চায়ের দোকানে বেশ কয়েকজন যুবক অভিষেকের সভায় যাবে বলে গাড়ির খোঁজ করছিলেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায় তাঁরা তৃণমূল কর্মী। তাঁরা বলেন, অভিষেকের বক্তব্য শুনতে আমাদের খুব ভালো লাগে। তাঁদের দাবি, দাদা এসে পুরো এলাকার খেলা ঘুরিয়ে দেবেন। শুধু ওই যুবকরাই নয়, তৃণমূলের সভায় যেতে উৎসাহী মহিলারাও। তাঁরাও অভিষেককে দেখা ও তাঁর বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন। ওই এলাকার মহিলা শ্যামলী মণ্ডল, স্বপ্না চক্রবর্তীরা বলেন, অনেক দিনের ইচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখব। সেই ইচ্ছা এবার পূরণ হবে। এতদিন টিভিতে মোবাইলে দেখেছি। এবার সামনা সামনি দেখব। ওনার কথা শুনে আমরা ভক্ত হয়ে গিয়েছি। তাই সোমবার সকাল সকাল করিমপুরের সভায় যাওয়ার জন্য বেড়িয়ে পড়ব।