সংবাদদাতা, পুরুলিয়া: দ্বন্দ্ব ভুলে ভোটের আগে সবাইকে এক হয়ে চলার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার পুরুলিয়ায় সভা শেষের পর জেলা নেতাদের সঙ্গে একান্ত বৈঠকে অভিষেক ওই নির্দেশ দেন। সেই সঙ্গে রাজ্যের এক মন্ত্রীকেও নিজের এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ বাড়ানোর নির্দেশ দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।
প্রসঙ্গত, বুধবার লধুড়কার সভা শেষের পর জেলার বাছাই করা কয়েকজন নেতার সঙ্গে একান্তে বৈঠক করেন অভিষেক। ওই বৈঠকে উপস্থিত জেলা তৃণমূলের এক নেতা জানান, সবাইকে এক হয়ে লড়াই করার নির্দেশ অভিষেক দিয়েছেন। এলাকায় এক নেতার সঙ্গে অপর নেতার বা জেলার এক লবির সঙ্গে অন্য লবির বনিবনা কম থাকলেও ভোটের মরশুমে সব ভুলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
দলীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৈঠকে উপস্থিত বিধায়কদের কাছ থেকে এলাকার সাংগঠনিক অবস্থার বিষয়ে খোঁজ নেন অভিষেক। সেই প্রসঙ্গেই রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী তথা মানবাজারের বিধায়িকা সন্ধ্যারানি টুডুকে এলাকায় আরও জনসংযোগ বাড়াতে বলেন। এবিষয়ে মন্ত্রী বলেন, সভা শেষের পর বৈঠক হয়। ওই বৈঠকে অভিষেক এলাকায় দিদির উন্নয়নের কথা আরও বেশি করে প্রচারের নির্দেশ দিয়েছেন। এলাকায় জনসংযোগ বাড়াতে বলেছেন। রাজ্য সরকারের উন্নয়নের কথা গ্রামে গ্রামে প্রচার করতে বলা হয়েছে। সেই কাজ চলছে।
ওই বৈঠকেই উপস্থিত হুড়া পঞ্চায়েত সমিতির সদস্য প্রসেনজিৎ মাহাত বলেন, বৈঠক হয়েছে। সেখানে অভিষক বন্দ্যোপাধ্যায়কে জানাই জেলার নেতাদের একাংশ নিজেরা নিজেদের মতো করে চলছে। উনি জানান, দল সবই পর্যবেক্ষণে রেখেছে। এখন ভোটের আগে ওই সব বিষয়ে আলোচনা না করে সবাইকে এক হয়ে নামতে হবে। দাদার সেই নির্দেশমতো কাজ করা হবে।
তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, বৈঠকে স্থানীয়স্তর থেকে জেলাস্তর পর্যন্ত নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভুলে ভোটের লড়াইয়ে নামার উপর অভিষেক গুরুত্ব দিয়েছেন। কারও কোনও সমস্যা থাকলে আপাতত ভোট পর্যন্ত সব তুলে রেখে মাঠে ঘাটে লড়াই করার কথা বলা হয়েছে। ওই বৈঠকেই জেলা নেতাদের কেউ কেউ স্থানীয়স্তরের এলাকার কিছু সমস্যার কথা অভিষেক জানিয়েছেন। বিষয়গুলি গুরুত্ব দিয়ে শুনে পরে সমাধান করার আশ্বাসও দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলার চেয়ারম্যান শান্তিরাম মাহাত বলেন, সবাইকে একজোট হয়ে কাজ করতে বলেছেন অভিষেক। নির্বাচনের সময় নিজেদের মধ্যে যাতে কোনও সমস্যা না হয়, সেবিষয়ে সবাইকে সচেতন হতে হবে। তৃণমূলের সরকার যাতে পুনরায় গঠন হয়, সেটাই টার্গেটে রাখতে হবে। কারও কোনও সমস্যা থাকলে তা ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।