নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রনজি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচের জন্য দল ঘোষণা করল বাংলা। অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বে ৬ ফেব্রুয়ারি কল্যাণী স্টেডিয়ামে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে নামবে বঙ্গ ব্রিগেড। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করেছিল লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা। ৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে শীর্ষস্থান পেয়েছিলেন অভিমন্যুরা। সেদিক থেকে অন্ধ্রপ্রদেশ কিছুটা হলেও পিছিয়ে। সমসংখ্যক ম্যাচে গ্রুপ পর্বে তাদের সংগ্রহ ৩১ পয়েন্ট। তাই ফর্মের নিরিখে বাংলা এগিয়ে। তাছাড়া ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধাও পাবে বাংলা দল। খুব সম্ভবত তিন পেসারের সঙ্গে দুই স্পিনার খেলাতে পারেন কোচ লক্ষ্মীরতন শুক্লা। সেক্ষেত্রে মহম্মদ সামির সঙ্গে আকাশ ও মুকেশ কুমার পেস আক্রমণের দায়িত্ব সামলাবেন।



