স্মৃতি সঙ্গী করে সাদা জার্সিকে বিদায় মহম্মদ শামির
  • ৭ নভেম্বর, ২০২৬ ০০:৫৩
Prefer us on Google

মুম্বই, ৬ নভেম্বর: ‘সাদা জার্সি সে ভিদা লে রাহা হুঁ, লেকিন উসসে জুড়ি ইয়াদো সে কভি নহি!’ অর্থাৎ, সাদা জার্সি থেকে বিদায় নিতে চলেছি, কিন্তু এর সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি থেকে কোনোদিন দূরে যেতে পারব না।

Advertisement

শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ সমাজ মাধ্যমে ইংরেজি হরফে হিন্দি পোস্ট ও ভিডিয়ো বার্তা অবসান ঘটাল সমস্ত জল্পনার। টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন ভারতীয় পেসার মহম্মদ শামি। 

২০১৩ সালের ৬ নভেম্বর। ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে মহম্মদ শামির আন্তর্জাতিক টেস্টে অভিষেক ঘটেছিল। সেই ৬ নভেম্বরেই দাঁড়ি পড়তে চলেছে তাঁর দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে চলা যাত্রাপথের। যদিও এখনই ওয়ান ডে ও টি-২০ ক্রিকেটকে বিদায় নয় বলে জানিয়েছেন।

এদিন দীর্ঘ পোস্টে স্মৃতি রোমন্থন করতেও দেখা গিয়েছে তাঁকে। লিখেছেন, ‘যে দিন প্রথম ভারতীয় টেস্ট দলের জার্সি পরেছিলাম, তখন একটাই স্বপ্ন ছিল, দেশের জন্য কিছু করে দেখাতে হবে। এর পরে প্রত্যেকটা উইকেট, প্রতিটি লড়াই, প্রতিটি চোট, আবার ফিরে আসা- আমাকে কিছু না কিছু শিখিয়েছে।’ তাঁর সংযোজন, ‘ফলে টেস্ট ক্রিকেট আমার জন্য শুধু একটা ফরম্যাট নয়, এটি আমার জীবনের বড়ো অংশ।’

ভারতীয় দলের হয়ে সাদা জার্সিতে ৬৪টি টেস্ট ম্যাচ খেলেছেন সামি। তাতে তারকা পেসারের শিকার সংখ্যা ২২৯। ১৩ বছরের কেরিয়ারে মোট ৬ বার এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। সেরা বোলিং ৫৬ রান দিয়ে ৬ উইকেট। শুধু বোলিংই নয় ব্যাট হাতেও ভারতের হয়ে রান করেছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে দু’টি হাফ সেঞ্চুরি। তার মধ্যে ৫৬ রানের অপরাজিত ইনিংসও রয়েছে সামির স্কোরবুকে।