নয়াদিল্লি: গায়ক মহলে পরিচিত মুখ। তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়। অথচ ককরোচদের ছাত্র আন্দোলন থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ। একজন শিল্পী হিসাবে এসব থেকে দূরে থাকবেন বলে মন্তব্যও করেন দিলজিত। সেই নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয় গায়ককে। এমনকি তাঁর উপর অভিমান করেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেও। তবে এই কারণে গায়কের প্রতি শ্রদ্ধা কমেনি বলেও স্পষ্ট করেছেন তিনি। ইনস্টাগ্রামে দেওয়া বিবৃতিতে অভিজিৎ জানান, গত জুনে ছাত্র আন্দোলনের সময় দিলজিতের মন্তব্যে তিনি আঘাত পেয়েছিলেন। কারণ, গায়ককে তিনি বরাবরই সামাজিক বিষয়ে সরব একজন শিল্পী হিসাবে দেখে এসেছেন। তবে এখনও তিনি দিলজিতের অনুরাগী। নিয়মিত তাঁর গান শোনেন বলেও জানিয়েছেন। শিকাগোয় গায়কের কনসার্টে উপস্থিত থাকার কথাও উল্লেখ করেন তিনি। অভিজিতের আবেদন, ছোট ভাই ভেবে বিষয়টি মিটিয়ে নিন দিলজিৎ। অন্যদিকে, শুক্রবারের কনসার্টে দিলজিৎ বলেন, পাঞ্জাবিদের কী ভাবে লড়াই করতে হবে, তা যেন কেউ শেখানোর চেষ্টা না করেন।



