সংবাদদাতা, কল্যাণী: অভয়ার স্মৃতিতে কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে ‘অভয়া উদ্যান’ উদ্বোধন করা হল। সোমবারের এই অনুষ্ঠানে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, অভয়ার মা তথা বিধায়ক রত্না দেবনাথ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার প্রমুখ। সিবিআই তদন্তের ধীরগতি ও অসংগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রত্নাদেবী। অভয়া কাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত ও প্রকৃত অপরাধীদের শাস্তির দাবিতে সরব হন তিনি। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর আমূল পরিবর্তনের জোরালো দাবিও শোনা যায় তাঁর কণ্ঠে।
রত্নাদেবীর অভিযোগ, ঘটনার দিনই সিবিআইকে সমস্ত তথ্য দেওয়া সত্ত্বেও অভয়া কাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এমনকী প্রমাণ লোপাট করার পর ধ্বংসস্তূপ থেকে তথ্য জোগাড়ের ক্ষেত্রেও সিবিআই উদাসীন ছিল বলেই তাঁর মত। অন্যদিকে, স্বাস্থ্যমন্ত্রী বলেন, অভয়া এই প্রতিষ্ঠান থেকেই ২০১৭ সালে এমবিবিএস পাশ করেন। অভয়ার স্মৃতি এবং গাছের প্রতি তাঁর ভালোবাসাকে সম্মান জানিয়ে উদ্যানটি তৈরি হয়েছে। স্বাস্থ্যদপ্তরের গ্রন্থাগারগুলির নাম অভয়ার নামেই করার প্রস্তাব রাখা হবে মুখ্যমন্ত্রীর কাছে। বিভিন্ন প্রতিষ্ঠানে নারীনির্যাতন প্রতিরোধ কমিটির নাম ‘বিশাখা কমিটি’। এই নাম পালটে ‘অভয়া কমিটি’ করারও উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।



