Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আবদারপুরে ফ্লাই ওভারের দু’ পাশের রাস্তা বেহাল, ক্ষোভে স্থানীয় বাসিন্দারা

আবদারপুরে ফ্লাই ওভারের দু’ পাশের রাস্তা বেহাল, ক্ষোভে স্থানীয় বাসিন্দারা
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, সিউড়ি: আবদারপুরে সিউড়ি-দুবরাজপুর রাস্তায় রেলগেটের ফ্লাই ওভার সংলগ্ন জাতীয় সড়ক বেহাল। বড় বড় খানাখন্দে ভরে উঠেছে রাস্তাটি। প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকছে বলে অভিযোগ পথচারীদের। সিউড়ি থেকে রেলের ছ’ ফুকো পেরিয়ে জাতীয় সড়ক ওঠার মুখেও একই অবস্থা এই রাস্তার। অথচ সারাদিন হাজার হাজার গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করে। রাস্তা বেহাল হওয়ায় গাড়ি চললেই ধুলোর আস্তরণে ঢেকে যাচ্ছে গোটা এলাকা। জাতীয় সড়কের আশপাশের এলাকার বাসিন্দা এবং দোকানদাররা অতিষ্ঠ হয়ে উঠেছেন। আবদারপুর রেলগেট থেকে মিনিস্টিল মোড় অবধি নতুন ফ্লাই ওভারের দু’ পাশের রাস্তা বেহাল। মিনিস্টিল সংলগ্ন এলাকায় ঘন জনবসতি রয়েছে। দিনের বেশিরভাগ সময় ধুলোর কারণে এখানকার বাসিন্দাদের বাড়ির মেঝে থেকে ঘরের ছাদ সর্বত্র ধুলোময় হয়ে যাচ্ছে বলে অভিযোগ। রাস্তা বেহাল হওয়ায় ওভারব্রিজ সংলগ্ন এলাকায় গাড়িও চলছে খুব ধীরগতিতে। ফলে মানুষকে দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে যানজটে। ধুলো আর যানজটে নাভিশ্বাস পথচারীদের। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ ক্ষুব্ধ পথচারী ও স্থানীয় বাসিন্দাদের। বর্ষাকালে রাস্তাটি আরও ভয়ানক হয়ে ওঠে। সোমবার এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে যাওয়া সম্রাট চট্টরাজ বলেন, মাকে নিয়ে সিউড়ি হাসপাতালে যাচ্ছি। কিন্তু এই রাস্তার যা অবস্থা তাতে রোগী আরও অসুস্থ হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল। ফ্লাই ওভার তৈরি হচ্ছে ঠিক আছে। কিন্তু ততদিন তো এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করছে। তাই রাস্তাটা মেরামত করা দরকার।  জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক আধিকারিক বলেন, এই রাস্তাটি সাময়িকভাবে সংস্কার করা হয়েছিল। ভারী যানবাহন যাতায়াতের কারণে সেটি ফের ভেঙে গিয়েছে। তবে দ্রুত রাস্তাটি সংস্কার করা হবে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ