Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আবেদনে সাড়া দেয়নি শিক্ষাদপ্তর মাঠ ঘিরতে ‘ক্রাউড ফান্ডিং’ স্কুলের 

আবেদনে সাড়া দেয়নি শিক্ষাদপ্তর মাঠ ঘিরতে ‘ক্রাউড ফান্ডিং’ স্কুলের 
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: সিউড়ির একটি স্কুলের পাঁচিল ঘেরার জন্য জনগণের কাছে অর্থ সাহায্য চেয়ে সোশ্যাল মিডিয়ায় ইউপিআই কিউআর কোড প্রকাশ করে আবেদন শুরু করল স্কুল কর্তৃপক্ষ। সিউড়ি বেণীমাধব উচ্চ বিদ্যালয় স্কুলটি শহরের সব থেকে প্রাচীনতম স্কুলগুলির মধ্যে একটি। এই স্কুলের পিছনে রয়েছে স্কুলের নিজস্ব বিশালাকার ময়দান। এটি সিউড়ি শহরের মধ্যস্থলে থাকা একটি গুরুত্বপূর্ণ ময়দান। ভোরবেলা বা বিকালের দিকে বহু মানুষ এই ময়দানে খেলাধুলো ও শরীর চর্চা করতে আসেন। সেই ময়দানের একধার দিয়ে চলে গিয়েছে সিউড়ি থেকে জাতীয় সড়ক পেরিয়ে রাজনগর ও বক্রেশ্বর যাওয়ার রাস্তা। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, ময়দানটির পাঁচিল না থাকায় অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। ফলে নিত্যদিন বহু মানুষ বেআইনিভাবে মাঠের ভেতর বড় গাড়ি, লরি বা চারচাকা গাড়ি পার্কিং করছেন। এতে মাঠের ক্ষতি হচ্ছে এবং স্কুলের পড়ুয়াদের বিপদের ঝুঁকি বাড়ছে। শুধু তাই নয়, সন্ধ্যাবেলা অন্ধকারে মাঠের মধ্যে ঢুকে চলছে অসামাজিক কাজকর্ম। প্রায়ই ময়দান জুড়ে বিভিন্ন মাদক দ্রব্যের বোতল, নেশার সামগ্রীর প্যাকেট পাওয়া যায়। বারবার পুলিস হানা দিয়ে এই অসামাজিক কাজকর্ম বন্ধ করার চেষ্টা করলেও কোনওভাবেই রাশ টানা যাচ্ছে না বলে অভিযোগ। এছাড়াও দিনের বেলা অবাধে এই ময়দানে গাড়ি ঢুকে পড়ার কারণে স্কুলের পড়ুয়ারা নিরাপদে খেলাধুলো করতে পারছে না। যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছে স্কুল কর্তৃপক্ষ। বর্তমানে এই দৌরাত্ম্য থেকে ময়দানটিকে বাঁচাতে পাশের রাস্তার দিকে বেশকিছুটা অংশ খুঁড়ে রাখা হয়েছে যাতে গাড়ি নিয়ে ময়দানে কেউ প্রবেশ না করতে পারে। কিন্তু তাতেও লাভ হচ্ছে না। কারণ এই ময়দানের এক প্রান্তে মাঝেমাঝেই বিভিন্ন মেলা বসছে। আর সেই মেলার কারণে মাঠে গাড়ি প্রবেশের জন্য সেই গর্ত বুজিয়ে ফেলা হচ্ছে। তারপর থেকে ফের ময়দানে শুরু হচ্ছে অবাধ যাতায়াত। সেই কারণেই এই ময়দান পাঁচিল দিয়ে ঘিরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুলের পক্ষ থেকে। কিন্তু স্কুল কর্তৃপক্ষের দাবি, ময়দানের এক পাশে রাস্তার দিকে পাঁচিল দিয়ে ঘিরতে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয় হতে পারে। এর জন্য জেলা প্রশাসন, সর্বশিক্ষা দপ্তর, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ সহ রাজ্যস্তরেও আবেদন জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। যদিও স্কুলের সেই আবেদনে কেউই সাড়া দেয়নি বলে অভিযোগ। অগত্যা পড়ুয়াদের নিরাপত্তা এবং স্কুলের ময়দান রক্ষা করার জন্য জনসাধারণের কাছে আর্থিক সাহায্য চেয়ে সোশ্যাল মিডিয়ায় আবেদন করা শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ। এর জন্য স্কুলের তরফে একটি ডোনেশন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে তার ইউপিআই কিউআর কোড সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে। 
Advertisement
স্কুলের প্রধান শিক্ষক সুজয়কুমার চট্টোপাধ্যায় বলেন, ময়দান রক্ষা করা খুবই দরকার। পড়ুয়াদের খেলাধুলোর জন্য শহরে আর তেমন কোনও ময়দান নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ময়দান রক্ষা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাঁচিল তৈরির জন্য অর্থ চেয়ে প্রশাসন সহ একাধিক দপ্তরে আবেদন করা হয়েছিল। কিন্তু লাভ হয়নি। তাই পাঁচিল তৈরি ও ময়দানের হাল ফেরাতে আর্থিক সাহায্যের জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করা হচ্ছে স্যোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কিউআর কোডে যে কেউ আর্থিক সাহায্য পাঠাতে পারবেন।
সম্পর্কিত সংবাদ