Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গঙ্গাপাড়ের হাঁটাপথ জুড়বে অবন ঠাকুরের বাগানবাড়িকে, থাকবে বহুতল ক্যাফেটেরিয়া

দীঘার আদলে কোন্নগরের গঙ্গাপাড়কে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে কোন্নগর পুরসভা। রাজ্য পরিবহণ দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে এই ফেরিঘাটকে কেন্দ্র করে ওই প্রকল্প রূপায়ণ করা হবে।

গঙ্গাপাড়ের হাঁটাপথ জুড়বে অবন ঠাকুরের বাগানবাড়িকে, থাকবে বহুতল ক্যাফেটেরিয়া
  • ১৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দীঘার আদলে কোন্নগরের গঙ্গাপাড়কে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে কোন্নগর পুরসভা। রাজ্য পরিবহণ দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে এই ফেরিঘাটকে কেন্দ্র করে ওই প্রকল্প রূপায়ণ করা হবে। গঙ্গার পাড়েই তৈরি হবে বহুতল ক্যাফেটেরিয়া। সেখানে বসে গরম কফির স্বাদ নিতে পারবেন পর্যটকরা। আবার, গঙ্গার পাড় ধরে তৈরি হবে হাঁটাচলার পথ। যা নদীর সৌন্দর্য্য দেখতে দেখতে পায়ে পায়ে পৌঁছে দেবে অবনঠাকুরের বাগানবাড়িতে। সেখান থেকে হেঁটেই পর্যটকরা যেতে পারবেন বারো মন্দিরঘাটে। পুরকর্তাদের দাবি, ওই মেগা প্রকল্পের কারিগরি পরিকল্পনা চূড়ান্ত হয়ে গিয়েছে। টাকা বরাদ্দের সবুজ সঙ্কেতও মিলেছে। দ্রুত কাজে নামার জন্য স্থানীয়স্তরে প্রস্তুতি শুরু হয়েছে।

Advertisement

কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস বলেন, পরিবহণ দপ্তরের সঙ্গে হাত মিলিয়ে আমরা একটি মেগাপ্রকল্প রূপায়ণ করতে চাইছি। দীঘাকে মডেল করে গঙ্গাকেন্দ্রিক প্রকল্প করা হবে এটি। কোন্নগর-পানিহাটি ফেরিঘাটের সৌন্দর্যায়ন থেকে ক্যাফেটেরিয়া, গঙ্গাপাড়ে ভ্রমণের সুযোগ আমরা করে দেব। গঙ্গাপাড়ের দুই ঐতিহ্য, বারোমন্দির ঘাট ও অবনঠাকুরের বাগানবাড়িকে জুড়ে দেওয়া হচ্ছে। বিধায়ক তথা রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই প্রকল্পে সবুজ সঙ্কেত দিয়েছেন।
গত কয়েক বছর ধরেই কোন্নগরের হেরিটেজ সংরক্ষণ ও তার বিপণনে নেমেছে কোন্নগর পুরসভা। সেই সব প্রকল্প ইতিমধ্যেই সাড়া ফেলেছে। কোন্নগরের অন্যতম ঐতিহ্য শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িকে পর্যটকদের জন্য খুলে দিয়েছে পুরসভা। সেখানে একটি মিউজিয়াম পর্যটকদের কাছে জনপ্রিয় হয়েছে। পর্যটকদের এই উচ্ছ্বাসকে ধরে রাখতে গঙ্গা ও শহরের ঐতিহ্যের মেলবন্ধনে নতুন প্রকল্প হাতে নিয়েছে পুরসভা। পুরকর্তাদের সূত্রে জানা গিয়েছে, প্রকল্পটি রাজ্য পরিবহণ দপ্তরের পছন্দ হয়। বিশেষ করে গঙ্গা ও তার পাড়ে থাকা কোন্নগর-পানিহাটি ফেরিঘাটকে পুরসভা ওই প্রকল্পের অর্ন্তভুক্ত করেছিল। রাজ্যজুড়ে জনপ্রিয় ফেরিঘাটগুলিকে আধুনিক করে অন্যতম বাণিজ্যকেন্দ্র হিসেবে তুলে ধরতে কাজ করছে পরিবহণ দপ্তর। সেকারণেই দপ্তর এই প্রকল্পটি রূপায়ণ করতে রাজি হয়ে যায়। তারপরেই দীঘা-মডেল সামনে আসে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, কোন্নগরের দিকে গঙ্গার পাড়ে সুদৃশ্য হাঁটা পথ তৈরি করা হবে। যা একদিকে অবনঠাকুরের বাগনবাড়ি ও অন্যদিকে বারোমন্দির ঘাটকে জুড়বে। গঙ্গার পাড়ে একটি মনোরম বহুতল তৈরি করা হবে। যেখানে রেস্তরাঁ থেকে ক্যাফেটেরিয়া থাকবে। পাশাপাশি, স্থানীয় কিছু ব্যবসায়ীকেও ওই বহুতলের একটি অংশে পুনর্বাসন দেওয়া হবে। আলো থেকে স্থাপত্য, নানাভাবে গঙ্গার পাড়কে মনোরম করে সাজিয়ে তোলা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ