Bartaman Logo
১০ জুন, ২০২৬

আবু ধাবিতে ভারতীয় মহিলার মৃত্যুদণ্ড কার্যকর

আবু ধাবিতে ভারতীয় মহিলার মৃত্যুদণ্ড কার্যকর
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
লখনউ: মেয়ের খোঁজ নিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বাবা। অবশেষে পেলেন তাঁর মৃত্যুর খবর। তাও আবার ১৬ দিন পর। শিশু হত্যার দায়ে উত্তরপ্রদেশের এক মহিলাকে ফাঁসির সাজা দিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহির আদালত। ইতিমধ্যে সেই সাজা কার্যকর হয়ে গিয়েছে। দিল্লি হাইকোর্টকে এমনটাই জানিয়েছে বিদেশ মন্ত্রক। গত ১৫ ফেব্রুয়ারি ৩৩ বছরের শাহজাদি খান নামে ওই মহিলাকে ফাঁসি দেওয়া হয়েছে। মেয়ের শারীরিক অবস্থা ও আইনি প্রক্রিয়া সম্পর্কে জানতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শাহজাদির বাবা সাব্বির খান। সোমবার অ্যাডিশনাল সলিসিটর জেনারেল চেতন শর্মা আদালতে জানিয়েছেন, আমিরশাহির ভারতীয় দূতাবাস গত ২৮ ফেব্রুয়ারি এই ফাঁসি সম্পর্কে জানতে পারে। সরকারিভাবে সেদিনই সেই তথ্য তাঁদের দেওয়া হয়েছিল। ভারত সরকারের তরফে শাহজাদির সাজা কম করতে অনুরোধও জানানো হয়েছিল। কিন্তু কর্ণপাত করেনি সেদেশের প্রশাসন। ২০২১ সালে আবুধাবি পাড়ি দেন শাহজাদি। ২০২২ সালের আগস্ট মাসে এক দম্পতির শিশুর দেখাশোনার দায়িত্বে ছিলেন তিনি।  কিন্তু ভ্যাকসিন নেওয়ার চারমাসের মধ্যে শিশুটির মৃত্যু হয়। শাহজাদির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেন ওই দম্পতি। এরপর তাঁকে গ্রেপ্তার করে পুলিস। ২০২৩ সালের ৩১ জুলাই শিশু খুনের মামলায় তাঁকে ফাঁসির সাজা শোনায় আদালত। এরপর তিনি সাজা মুকুবের আবেদন জানালেও তা খারিজ হয়ে যায়। তারপর থেকে আবুধাবির আল ওয়াহাবা জেলে বন্দি ছিলেন। আগামী ৫ মার্চ শাহজাদির শেষকৃত্য সম্পন্ন হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ