বেঙ্গালুরু: দীর্ঘ কেরিয়ারে যাবতীয় সাফল্য ধরা দিয়েছে বিরাট কোহলির কাছে। ট্রফি ক্যাবিনেট কানায় কানায় পূর্ণ। কিন্তু নেই শুধু আইপিএল খেতাব। দীর্ঘ ১৭ বছর রয়্যাল চ্যালেঞ্জাস বেঙ্গালুরুর জার্সিতে খেলছেন তিনি। এবারও তিনি দলের অটোমেটিক চয়েস। ফ্র্যাঞ্চাইজি লিগে সর্বাধিক রান সংগ্রাহক (৮০০৪) ভিকে’ই। রানার-আপ হয়েছেন ২০০৯, ২০১১ এব ২০১৬ সালে। বৃহস্পতিবার এই প্রসঙ্গে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকা এবং আরসিবি’র প্রাক্তনী এবি ডি’ভিলিয়ার্স। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আইপিএল জিতলেই বিরাট কোহলির কেরিয়ারে কোনও আপশোস থাকবে না। জানি, এই খেতাব ওকে আলাদা তৃপ্তি দেবে। ওর মতো ব্যাটার আমি খুব কম দেখেছি। দলের প্রতি ভিকে’র দায়বদ্ধতাও তুলনাহীন। বছরের পর বছর ধারাবাহিকতা বজায় রাখার খিদেই বিরাটকে বাকিদের থেকে আলাদা করে তুলেছে। গত মরশুমেও ও আরসিবি’কে নির্ভরতা দিয়েছে। অনেকেই কোহলির স্ট্রাইক রেট নিয়ে কথা বলেন। দুঃখের সঙ্গে বলছি, তাঁরা ক্রিকেট বোঝেন না। দলের প্রয়োজনে সবসময় মারকাটারি ব্যাট চালানো সম্ভব নয়। কোহলি নিজের জন্য নয়, আরসিবি’র হয়ে খেলে। মনে রাখতে হবে, ফ্র্যাঞ্চাইজি লিগে ওর ৮টি শতরান ও ৫৫টি অর্ধশতরান রয়েছে। তাই ওর সমালোচনা করার আগে পরিসংখ্যানে নজর বুলিয়ে নেওয়া উচিত।’



