নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুর-পরিষেবা বিষয়ক সমস্যার বদলে ‘মুখোমুখি’ অনুষ্ঠানের প্রথম দিনে অন্নপূর্ণা যোজনা নিয়েই মানুষের গুচ্ছ দাবিদাওয়া, সমস্যার ফোন এল বেশি। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তাঁদের আশ্বস্ত করে জানিয়েছেন, এটি তাঁর দপ্তরের বিষয় নয়। তবে সবার নম্বর তিনি সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেবেন। মঙ্গলবার ছিল মন্ত্রীর এই কর্মসূচির প্রথম দিন। প্রযুক্তিগত সমস্যার কারণে অনুষ্ঠান শুরু হতে বেশ কিছুটা দেরি হয়। পরে দপ্তরের ফেসবুক থেকে ‘লাইভ’ না হওয়ায় নিজস্ব ফেসবুক পেজ থেকেই অনুষ্ঠানটি ‘লাইভ’ করেন অগ্নিমিত্রা।
কথা ছিল, দপ্তরে বসেই এদিন বিকাল ৩টে থেকে ৪টে পর্যন্ত ‘মুখোমুখি’ অনুষ্ঠান করবেন মন্ত্রী। শুধুমাত্র কলকাতার বাসিন্দাদের অভিযোগ, সমস্যা জানানোর জন্য দেওয়া হয়েছিল টোল ফ্রি নম্বর। শুরুতেই প্রযুক্তিগত সমস্যায় ৩০ মিনিটের বেশি সময় কেটে যায়। তখন টোল ফ্রি নম্বরের বদলে গ্রিভান্স সেলের চালু থাকা একটি নম্বরের মাধ্যমে অনুষ্ঠান চলে। পরে সাংবাদিকদের অগ্নিমিত্রা বলেন, ‘প্রচুর ফোন আসায় সার্ভার বসে গিয়েছিল। আমরা পরিকাঠামো আরও উন্নত করছি। এখন থেকে প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার মুখোমুখি অনুষ্ঠান হবে। এক-একদিন পৃথক পুরসভার মানুষের অভাব-অভিযোগ শুনব।’
এদিন অবশ্য শুধু কলকাতা নয়, সারা রাজ্য থেকেই মানুষ ফোন করেছেন। ২৫-৩০টি ফোন এসেছে। তার মধ্যে কলকাতা পুর এলাকা থেকে ছিল মাত্র দু’টি ফোন। ১০১ নম্বর ওয়ার্ডে কয়েকদিন ধরে জঞ্জাল পড়ে থাকার অভিযোগ শুনে ২৪ ঘণ্টার মধ্যে সাফাইয়ের আশ্বাস দেন অগ্নিমিত্রা। ৭০ নম্বর ওয়ার্ড থেকেও জমি-বাড়ির মিউটেশন সংক্রান্ত সমস্যার একটি অভিযোগ আসে। আগামী দিনে এই অনুষ্ঠান রাজ্য বিজেপির ফেসবুক পেজেও লাইভ হবে। বিজেপি অফিসে বসেও পুর-বিষয়ক সমস্যা শুনতে জনতার ‘মুখোমুখি’ হওয়ার পরিকল্পনা রয়েছে মন্ত্রীর। নবান্নে অগ্নিমিত্রা পাল।-নিজস্ব চিত্র