নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: জেলার প্রতিটি বিধানসভায় ৫০ হাজার করে প্রদীপ বিতরণ করবে প্রশাসন। ১৭ সেপ্টম্বর প্রতিটি বাড়িতেই যাতে জ্বলে ওঠে ‘আর্শীবাদের দিয়া’ তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৭ সেপ্টম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে সেবা সংকল্প অভিযান চলবে। প্রথম দিন প্রদীপ জ্বালানোর কর্মসূচি নেওয়া হবে। পূর্ব বর্ধমানের জেলাশাসক শ্বেতা আগারওয়াল বলেন, ওই সময় নানা কর্মসূচি নেওয়া হবে। আশা করব ১৭ সেপ্টম্বর জেলার প্রতিটি বাড়িতে প্রদীপ জ্বলবে। স্কুল, কলেজের ছাত্রছাত্রীদের মধ্যেও প্রচার করা হয়েছে। তাঁরা বাড়ি গিয়ে মায়েদের প্রদীপ জ্বালানোর জন্য বলবেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১৭ সেপ্টম্বর থেকে রিলস নির্মাতাদের জন্যও সুখবর রয়েছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে রিলস বানানোর প্রতিযোগীতার আয়োজন হয়েছে। রিলস নির্মাণকারীরা নির্দিষ্ট একটি অ্যাপে ভিডিও আপলোড করতে পারবেন। সেরা তিনটি রিলস বেছে নিয়ে প্রশাসন পুরষ্কৃত করবে। এছাড়া কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পর সাফল্য তুলে ধরে পথনাটিকাও হবে। গলসির বিজেপি বিধায়ক রাজু পাত্র বলেন, ১৭ সেপ্টেম্বর রাজ্যবাসীর কাছে বিশেষ দিন হিসাবে পরিচিত লাভ করতে চলেছে। প্রতিটি পরিবার স্বতস্ফূর্ত ভাবে প্রদীপ জ্বালাবেন। আগের সরকার কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সুবিধা নেয়নি। আমজনতাকে বঞ্চিত করেছে। আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পও আটকে রেখেছিল! আমাদের সরকার আসার পর মানুষ সব প্রকল্পের সুবিধা পাচ্ছেন।



