


অভিষেক পাল, বহরমপুর: এক হাতে লাটাই। অন্য হাতে ঘুড়ির সুতো। জিয়াগঞ্জের মুক্ত আকাশে উড়ছে হলুদ পেটকাটি। ঘুড়ি ওড়াচ্ছেন বলিউডের পারফেকশনিস্ট! ঠিক যেন ‘১৯৪৭-আর্থ’ সিনেমার দৃশ্য! সেখানে ‘রুথ আ গায়ি রে...’ গানের সুর ও ছন্দে হলুদ ঘুড়ির সুতোয় টান দিয়েছিলেন আমির খান। সেই একই আমির। তবে বড়ো পর্দা নয়। বাস্তব। অকুস্থল? মুর্শিদাবাদ। অরিজিৎ সিংয়ের বাড়ি।
বেলা তখন প্রায় সাড়ে ১২টা। মুর্শিদাবাদ জেলা পুলিশের কাছে ভিআইপি মুভমেন্টের কোনো খবর নেই। স্বাভাবিকভাবেই স্থানীয় থানাও সম্পূর্ণ অন্ধকারে। আচমকা গায়ক অরিজিৎ সিংয়ের বাড়িতে যাওয়ার গলিপথে হাঁটছেন আমির খান। পরনে বম্বার জ্যাকেট। হালকা জলপাই রংয়ের ট্রাউজার। স্থানীয় লোকজন গায়ে চিমটি কেটে ঠাহর করার চেষ্টা করলেন, ঠিক দেখছেন তো! হাঁ হয়ে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার পর বুঝলেন, ইনিই তো ‘থ্রি ইডিয়টস’-এর র্যাঞ্চো। ততক্ষণে লোকজনের ভিড় জমতে শুরু করে দিয়েছে অরিজিতের বাড়ির সামনে। তাঁদের উদ্দেশে হাত নেড়ে গায়কের বাড়ির অন্দরে ঢুকে গেলেন বলিউড তারকা। দর্শকদের মোবাইলে ধরা পড়ল সেই মুহূর্তের কয়েক সেকেন্ডের ভিডিও। সেটাই উল্কার গতিতে ভাইরাল। তারপর উপচে পড়া জনস্রোত। পরিস্থিতি সামাল দিতে আসতে হয় পুলিশকে।
কিন্তু কেন এভাবে আচমকা প্রখ্যাত গায়কের বাড়িতে এলেন বলিউডের অভিনেতা ও প্রযোজক আমির খান? নানা জল্পনা বুদবুদের মতো ভাসতে থাকে জনস্রোতে। বিনোদন জগতের সূত্রের খবর, প্লেব্যাক থেকে সদ্য অবসর নেওয়া অরিজিৎকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানাতেই এসেছিলেন আমির। তিনি হয়তো মনে করেন, বলিউডকে অরিজিতের আরও কিছু দেওয়ার রয়েছে। তাই সটান চলে এসেছেন গায়কের বাড়িতে। কেউ আবার বলছেন, নতুন কোনও প্রজেক্ট হয়তো হাতে নিয়েছেন বলিউড তারকা। সেখানে অরিজিৎকে দিয়ে কাজ করাতে পারেন। দু’জনে নতুন কিছু তৈরি করতে চলেছেন। সে কারণেও আসতে পারেন। তবে, আমির বা অরিজিৎ কারও তরফেই আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। দেখা করেননি উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও। তবে অরিজিতের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, ইতিমধ্যেই অরিজিৎ সিং সিনেমা পরিচালনার কাজ শুরু করেছেন। তা নিয়ে রীতিমতো ছুটে বেড়াচ্ছেন তিনি। তার মধ্যেই হঠাৎ জিয়াগঞ্জে আমিরের আবির্ভাব দু’জনেরই ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে বহুগুণ।
জল্পনা যাই হোক, এদিন দুপুরে অরিজিতের সঙ্গে নিপাট বাঙালি মেনুতে লাঞ্চ সেরেছেন বলিউডের পারফেকশনিস্ট। সূত্রের খবর, বাসমতি চালের রাইস, বাটার নান, চিকেন কষা, মাটন কষা, মিক্সড ভেজ, পনির বাটার মশলা সহ আরও কিছু পদ ছিল দুপুরের আহারে। বিকেলে অরিজিতের বাড়ির ছাদে ঘুড়ি ওড়ান আমির। সন্ধ্যায় অরিজিতের স্টুডিওতে দীর্ঘক্ষণ আড্ডা। জানা গিয়েছে, মধ্যরাতে অরিজিতের বাড়ি ছেড়ে বহরমপুরের একটি বিলাসবহুল হোটেলে ওঠেন আমির। তখনও ভিড় ছিল চোখে পড়ার মতো। আজ, সকালে তাঁর মুম্বই ফিরে যাওয়ার কথা। নিজস্ব চিত্র