সংবাদদাতা, কাকদ্বীপ: শুধু ভোটার কার্ড নয়, এবার অবৈধভাবে আধার কার্ড তৈরি করা নিয়েও বিভিন্ন অভিযোগ উঠেছে। কী কী কাগজ জমা দিয়ে সহজে আধার কার্ড তৈরি করা যাচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি। কাকদ্বীপের এক নাগরিকও একই প্রশ্ন তুলেছেন। জানা গিয়েছে, কাকদ্বীপের বাসিন্দা শিবশঙ্কর দাস এই বিষয়কে উল্লেখ করে নির্বাচন কমিশন ও কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছেন। তাঁর অভিযোগ, টাকা দিয়ে দালাল চক্রের মাধ্যমে খুব কম দিনের মধ্যে আধার কার্ড তৈরি করা যাচ্ছে। বাংলাদেশ থেকে এসে তাই সহজেই সবাই আধার কার্ড তৈরি করে নিচ্ছেন। দু’বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসে আধার কার্ড তৈরি করে নিয়েছেন এমন ঘটনাও সামনে এসেছে। এক্ষেত্রে মোটা অঙ্কের টাকা লেনদেন হচ্ছে।



