সংবাদদাতা, উলুবেড়িয়া: বিড়ি চাওয়াকে কেন্দ্র করে বচসা। ঘটনার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকেরই বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার জয়পুর থানার তেলিরবেড়িয়া গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম শ্রীমন্ত দলুই (৫২)। ইতিমধ্যেই ঘটনায় মূল অভিযুক্ত সাগর দলুইকে গ্রেপ্তার করেছে জয়পুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় সাগরের একটি মুদিখানা দোকান রয়েছে।
সূত্রের খবর, গত রবিবার রাতে শ্রীমন্তবাবু সাগরের দোকানে বিড়ি কিনতে যান। সেখানেই বিড়ি কেনা নিয়ে দু’জনের মধ্যে বচসা বাধে। বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, সেই সময়ই শ্রীমন্তকে ব্যাপক মারধর করে সাগর। মারধরের ফলে গতকাল অর্থাৎ সোমবার রাতেই শ্রীমন্তবাবু অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। আজ, মঙ্গলবার সকালে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।