Bartaman Logo
২৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বাবার বাৎসরিক কাজের দিনেই বারাকপুরে গঙ্গায় তলিয়ে গেলেন তরুণ

গঙ্গায় তলিয়ে গেল ১৮ বছরের এক সদ্যতরুণ। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বারাকপুরের মনিরামপুরে ঘটকপাড়া গঙ্গার ঘাটে

বাবার বাৎসরিক কাজের দিনেই বারাকপুরে গঙ্গায় তলিয়ে গেলেন তরুণ
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গঙ্গায় তলিয়ে গেল ১৮ বছরের এক সদ্যতরুণ। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বারাকপুরের মনিরামপুরে ঘটকপাড়া গঙ্গার ঘাটে। পুলিশ জানিয়েছে, মৃত তরুণের নাম মণীশ দাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন বাবার বাৎসরিক পারলৌকিক কাজ সারতে ঘাটে গিয়েছিলেন তিনি। সেই কাজ সেরে বাড়ি ফেরেন। পরে সাইকেল নিয়ে গঙ্গার ঘাটে গিয়েছিলেন কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বলতে। সেখানে আচমকাই তাঁর পা থেকে জুতো খুলে নদীতে পড়ে যায়। সেই জুতো তুলতে গঙ্গায় নেমেছিলেন মণীশ। তারপর তলিয়ে যান। ২৪ ঘণ্টার বেশি হয়ে গেলেও তাঁর হদিশ মেলেনি। গভীর উদ্বেগে রয়েছে পরিবার। নিখোঁজ তরুণের বাড়ি বারাকপুর সদরবাজার মরিয়ম মহল এলাকায়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এক বছর আগে মারা গিয়েছেন মণীশের বাবা মানিক দাস। শুক্রবার ছিল তাঁর বাৎসরিক কাজ। সেই কাজ শেষে দুপুরের পর সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরন মণীশ। যাওয়ার সময় বাড়িতে বলে গিয়েছিলেন, কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। ঘটকপাড়া ঘাটে জেটিতে বসে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। তখনই দুর্ঘটনা ঘটে। মণীশের বন্ধুরা পুলিশকে জানিয়েছে, জুতো তোলার জন্য জামা খুলে গঙ্গায় নেমেছিলেন মণীশ। সাঁতারও জানতেন। তাই বন্ধুরা আটকায়নি। কিন্তু জলে নেমে তিনি তলিয়ে যেতে থাকেন। দুই বন্ধু তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও সম্ভব হয়নি। ঘন্টা দু’য়েক পরে বন্ধুরাই তাঁর বাড়িতে খবর দেয়। পরিবার ও পুলিশ ঘাটে পৌঁছায়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এবং শনিবার দিনভর ডুবুরি নামিয়ে পুলিশ তল্লাশি চালালেও মণীশের কোনও হদিশ মেলেনি। বারাকপুর থানার পুলিশ জানিয়েছে, তরুণের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ