Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

মহিলার বিরল টিউমার অপারেশন

স্বাস্থ্যসাথীতে জটিল অপারেশন করে এক মহিলার প্রাণ বাঁচালেন হলদিয়া মেডিকেলের চিকিৎসকরা।

মহিলার বিরল টিউমার অপারেশন
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

সংবাদদাতা, হলদিয়া: স্বাস্থ্যসাথীতে জটিল অপারেশন করে এক মহিলার প্রাণ বাঁচালেন হলদিয়া মেডিকেলের চিকিৎসকরা। ওই মহিলার বাম স্তনে প্রায় তিন কেজি ওজনের ফিলোড টিউমার অপারেশন করে বাদ দিয়েছেন চিকিৎসকরা। বিরল ওই টিউমার অপারেশনের ক্ষেত্রে মহিলার প্রাণের ঝুঁকি ছিল। চিকিৎসকদের মতে, এই ধরনের অপারেশনে প্রচুর রক্তক্ষরণে প্রাণের ঝুঁকি থাকে। সোমবার সন্ধ্যায় তিন ঘণ্টার ওই অপারেশনে সাফল্য পেয়েছেন হলদিয়া মেডিকেল কলেজের অধীন বিসি হাসপাতালের দক্ষ চিকিৎসকদের টিম। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বছর একচল্লিশের ওই মহিলার অপারেশনের পর সুস্থ রয়েছেন। তাঁর বাড়ি এগরা মহকুমার ভবানীচক এলাকায়। অপারেশনের চব্বিশ ঘণ্টার মধ্যেই তিনি সামলে উঠেছেন। তাঁকে মঙ্গলবার দুপুরে তরল খাবার দেওয়া হয়েছে।

Advertisement

চিকিৎসক সৌভিক পাত্রের নেতৃত্বে ওই অপারেশন হয়েছে। তাঁর সহযোগী ছিলেন চিকিৎসক সাগ্নিক ভট্টাচার্য। সৌভিকবাবু বলেন, এধরনের ফিলোড টিউমার ১০ লক্ষে এক দু›জনের হয়। সম্প্রতি স্তনে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে উনি হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। বায়োপসি করে ফিলোড টিউমার ধরা পড়ে। এরপর ওনাকে দ্রুত অপারেশনের পরামর্শ দেওয়া হয়। তাঁর পরিবার হলদিয়াতেই অপারেশন করার ব্যাপারে মনস্থির করেন। খুবই জটিল অপারেশন এটি। তবে চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ প্রচেষ্টায় অপারেশন সফল হয়েছে এবং রোগী সুস্থ রয়েছেন। স্বাস্থ্যসাথীর মাধ্যমে খুবই গরিব পরিবারের ওই মহিলার অপারেশন হয়েছে। বেসরকারি ক্ষেত্রে এই অপারেশনে ৭-৮ লক্ষ টাকা খরচ হয়।

মেডিকেল কলেজের কর্মকর্তা আশিস লাহিড়ি, সুদীপ্তন শেঠ বলেন, স্বাস্থ্যসাথীর মাধ্যমে চিকিৎসা পরিষেবা পেয়েছেন ওই মহিলা। হলদিয়ার বিসি রায় হাসপাতালের চিকিৎসকরা ইদানিং অনেকগুলি এধরনের জটিল অপারেশন করেছেন। এক্ষেত্রে স্বাস্থ্যসাথী বড় ভূমিকা নিয়েছে। মহিলার পরিবারের লোকজন বলেন, মুখ্যমন্ত্রী ও  বিসি রায় হাসপাতালের চিকিৎসকদের জন্য উনি প্রাণে বাঁচলেন।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ