সংবাদদাতা, রামপুরহাট: জল চাওয়ার নামে বাড়িতে ঢুকে বধূর হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হল। শনিবার রামপুরহাট শহর লাগোয়া একটি গ্রামে এঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ধৃতের নাম সমু লেট। শনিবার রাতেই পুলিস তাকে গ্রেপ্তার করে। রবিবার তাকে রামপুরহাট আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী মনিরুল ইসলাম বলেন, বিচারক ধৃতের ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিস জানিয়েছে, বছর কুড়ির ওই বধূ স্বামী ও দুই শিশুসন্তানকে নিয়ে থাকেন। অভিযোগ, শনিবার দুপুরে হঠাৎ পাশের গ্রামের বাসিন্দা পেশায় ট্রাক্টরচালক সমু লেট ওই বাড়িতে আসে। সেসময় ওই বধূর স্বামী রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন। অভিযোগ, সমু প্রথমে বাড়ির সামনে এসে জল খেতে চায়। ওই বধূ জল আনার জন্য ফিরতেই তাঁকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকে পড়ে সমু। বধূর মুখ কাপড় দিয়ে এবং তাঁর হাত-পা দড়ি দিয়ে বেঁধে দেয়। এরপর ওই বধূকে ধর্ষণ করে সে চম্পট দেয় বলে অভিযোগ। পরে পরিবারের লোকজন এসে দেখেন, ওই বধূ হাত-পা বাঁধা অবস্থায় ঘরের ভিতর পড়ে রয়েছেন। তাঁরা বাঁধন খোলার পর ওই বধূ পুরো ঘটনা খুলে বলেন। রাত ১০টা নাগাদ ওই বধূ রামপুরহাট থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করেন।



