সারা বছর শাড়ি না পরলেও পুজোতে বাঙালি কন্যের শাড়ি অবশ্যই চাই। এখন থেকেই শপিং শুরু হয়ে গিয়েছে। পুজোয় বাংলার হাতে বোনা শাড়ির চাহিদা সবসময়ই থাকে। সেই পরিকল্পনা অনুযায়ী চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটে অভিনেত্রী অঙ্কিতা পাল মজুমদার বেছে নিয়েছেন বাংলার নিজস্ব শাড়ি। তিনি প্রথমে পরেছেন কালো পাড়ের অফ হোয়াইট শাড়ি। পাড় জুড়ে লাল কাপড় দিয়ে আলাদা করে ফ্রিল বসানো হয়েছে। জমির ছোটো নকশা ও পাড় জোড়া নকশায় রয়েছে সিকুইনের কাজ। এসবই শাড়িটিকে ডিজাইনার লুক দিয়েছে। এর সঙ্গে কালো ফুলস্লিভ ব্লাউজ পরেছিলেন অভিনেত্রী। যার হাতে ও গলায় লাল সুতোর নকশা। বাকি অংশ ছোটো ছোটো বুটিতে সাজানো। আটপৌরে করে পরা শাড়ি, সাবেকি খোঁপা, গোল্ডেন জুয়েলারি একেবারে পুজোর লুক তৈরি করেছে। অঙ্কিতার পরনের দ্বিতীয় শাড়িটির রং নজরকাড়া। নীল এবং সবুজের কনট্রাস্ট সব ধরনের কমপ্লেকশনে দারুণ মানাবে। ঘিয়ে রঙের ব্লাউজ দিয়ে সেজেছেন অভিনেত্রী। শাড়ির নিজস্ব ব্লাউজ থাকলেও একেবারে অন্য কিছুর সঙ্গে পরুন। নিজস্ব স্টাইল স্টেটমেন্ট তৈরি হবে। সপ্তমী বা নবমীর সন্ধের সাজে এই ধরনের শাড়ি আপনার অপশনে রাখতে পারেন। সঙ্গে পরুন ভারী সোনার গয়না। শাড়ি পরলে নানা ধরনের খোঁপায় সাজতে পারেন। সাবেকি খোঁপার স্টাইল ফিরিয়ে আনুন পুজোর সাজে। তবে সবটাই ক্যারি করতে জানতে হবে। সেটাই আসল। এমনটাই মনে করেন অঙ্কিতা। শাড়ি তাঁর অন্যতম পছন্দের পোশাক। সারা বছর বিভিন্ন অনুষ্ঠানে শাড়ি পরার চেষ্টা করলেও অনেক সময় তা হয়ে ওঠে না। সারা বছর ধরেই পুজোর শাড়ি জমতে থাকে তাঁর। এবার শুধু প্ল্যান করে পরে ফেলার অপেক্ষা।



