নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দলের নামে তোলাবাজির প্রতিবাদ করেছিলেন। তার জেরেই এক আদি বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক নব্য বিজেপি কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার ডোমজুড়ের বেগড়ির এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন কেষ্ট নস্কর নামে বিজেপির ওই কর্মী। প্রথমে তাঁকে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন দল থেকে বহু কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁদের একাংশের বিরুদ্ধে এলাকায় তোলাবাজির অভিযোগ উঠছে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বারবার এ নিয়ে কড়া বার্তা দিলেও পরিস্থিতির বদল হয়নি। বেগড়ির ঘটনায় সেই তোলাবাজির প্রতিবাদকেই মারধরের কারণ বলে দাবি আক্রান্তের। কেষ্টর অভিযোগ, দিন দুয়েক আগে এলাকার এক চায়ের দোকানে দলের রাজ্য সভাপতির তোলাবাজি-বিরোধী অবস্থান নিয়ে আলোচনা করছিলেন তিনি। সেই সময় এলাকার দুই দলীয় কর্মীর প্রসঙ্গ টেনে তিনি বলেছিলেন, বিজেপির নাম করে তোলাবাজি করলে দল তা বরদাস্ত করবে না। অভিযোগ, এই মন্তব্যের জেরে তাঁর উপর ক্ষুব্ধ হন স্থানীয় বিজেপি কর্মী শিবশঙ্কর মজুমদার। মঙ্গলবার বাজার করে বাড়ি ফেরার পথে তাঁর উপর চড়াও হয়ে মারধর করেন শিবশঙ্কর। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন কেষ্ট।
আক্রান্তের দাদা শ্যামল নস্করের দাবি, তাঁদের পরিবার দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে যুক্ত। অতীতে তৃণমূলের হাতেও আক্রান্ত হতে হয়েছিল তাঁদের। এবার দলের নাম করে তোলাবাজির প্রতিবাদ করায় ভাইকে মারধর করা হল। এই ঘটনায় ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করছে পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে। নিজস্ব চিত্র



