নিজস্ব প্রতিনিধি, বারাসত: গায়ে পুলিশের উর্দি। গলায় গেরুয়া উত্তরীয়। পিছনে বিজেপির ছবি সহ ব্যানার। এই ছবি প্রকাশ্যে আসতেই বিতর্কে জড়িয়েছেন দত্তপুকুর থানার বামনগাছি ফাঁড়ির ওসি সুজিত দে। অভিযোগ, পুলিশের পোশাকে বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। শুধু উপস্থিতি নয়, তিনি মঞ্চে উঠে দলীয় উত্তরীয় গ্রহণ করেন বলে অভিযোগ।
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বামনগাছি চৌমাথায় বিজেপির বারাসত ৪ নম্বর মণ্ডলের ৫ নম্বর বুথের কার্যালয় উদ্বোধন হয়। ওই অনুষ্ঠানেই দেখা যায় বামনগাছি ফাঁড়ির ওসিকে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, বিজেপির এক কর্মী তাঁর গলায় গেরুয়া উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। আর ওই বিজেপি কর্মীর সামনে হাতজোড় করে দাঁড়িয়ে রয়েছেন সুজিত দে। যদিও ভাইরাল হওয়া ছবির সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। উল্লেখ্য, তৃণমূল আমলে পুলিশের ভূমিকা নিয়ে বারবার সরব হয়েছিল বিজেপি। সেই সময় পুলিশকে ‘দলদাস’ বলেও নিশানা করেছিলেন বিজেপির নেতারা। ক্ষমতায় আসার পর পুলিশকে রাজনীতির ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে কাজ করার কথা বলেছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। সেই বিজেপির অনুষ্ঠানে এক পুলিশ আধিকারিকের উপস্থিতি নিয়ে এখন প্রশ্ন উঠেছে। স্থানীয় বিজেপি নেতা স্বরূপ সাহার বক্তব্য, দলীয় কার্যালয়টি বামনগাছি ফাঁড়ির একেবারে সামনে। অনুষ্ঠানে ভিড় হওয়ায় ওসি সেখানে ট্রাফিক সামলাচ্ছিলেন। বুথ সভাপতি ও দলের কর্মীরা ওসিকে সংবর্ধনা দিয়েছেন। এখানে অন্য কিছু নেই। তাঁদের এই বক্তব্যকে কটাক্ষ করে কংগ্রেস নেতা বিশাল সরকারের দাবি, পরিবর্তনের পরেও বিজেপির নির্দেশ মতো পুলিশ কাজ করছে। পুলিশ এখনও নিরপেক্ষ হয়নি। বামনগাছি ফাঁড়ির ওসির ভূমিকাতেই তা স্পষ্ট। এনিয়ে বারাসত পুলিশ জেলার সুপার জে মার্সি জানিয়েছেন, বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছি। নিজস্ব চিত্র