নবমের ছাত্র সন্দীপের তৈরি দু’ ফুটের জগদ্ধাত্রী প্রতিমা পাড়ি দিচ্ছে কলকাতা
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কৃষ্ণনগর: শিল্পের প্রতি ভালোবাসা আর হাতের নিপুণ দক্ষতা বয়সের গন্ডিকে হার মানায়। কৃষ্ণনগরের ঘূর্ণির নবম শ্রেণির ছাত্র সন্দীপ পালের আঙুলের জাদুতে গড়ে উঠেছে দু’ ফুটের এক জগদ্ধাত্রী প্রতিমা। প্রায় দু’মাস ধরে ধৈর্য ও একাগ্রতার সঙ্গে তৈরি করা এই শিল্পকর্ম এবার পাড়ি দিচ্ছে কলকাতার ভবানীপুরে।

Advertisement

পড়াশোনার পাশাপাশি মৃৎশিল্পের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে সন্দীপের। তার তৈরি জগদ্ধাত্রী প্রতিমাটির বিশেষত্ব তার মাটির সাজ। প্রতিমার অলংকার থেকে শুরু করে সাজসজ্জা পুরোটাই মাটির তৈরি। সাধারণত প্রতিমার গয়না ও সাজে বিভিন্ন উপকরণ ব্যবহার দেখা যায় মৃৎশিল্পীদের। কিন্তু সন্দীপের এই শিল্পকর্মে মাটিই একমাত্র উপকরণ। অত্যন্ত সূক্ষ্ম ও নিখুঁত কারুকার্য প্রতিমার প্রতিটি অঙ্গে ফুটিয়ে তুলেছে সে। দু’ ফুটের ছোট্ট প্রতিমার মধ্যে এত নিখুঁত কারুকাজ শিল্পপ্রেমীদের নজর কাড়বে বলেই আশা।
সন্দীপ বরাবরই ছোট আকারের শিল্পকর্ম তৈরি করতে ভালোবাসে। সেই ভালো লাগা থেকেই এমন সূক্ষ্ম কাজের প্রতি তার আগ্রহ তৈরি হয়েছে। প্রতিমাটির নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর সেটিকে কাচের ফ্রেমে বাঁধানো হবে বলে জানা গেছে। 
সন্দীপ পাল বলে, ছোট প্রতিমার মধ্যে যত বেশি সূক্ষ্ম কাজ করা যায়, ততই আমার ভালো লাগে। এবারের জগদ্ধাত্রী প্রতিমায় সম্পূর্ণ মাটির সাজ তৈরি করেছি। কাজটি শেষ করতে প্রায় দু’ মাস সময় লেগেছে।
সন্দীপের এই অনন্য সৃষ্টি বুঝিয়ে দেয়, শিল্পের প্রতি ভালোবাসা থাকলে বয়স কখনও বাধা হয়ে দাঁড়ায় না। তার নিপুণ হাতের কাজ ভবিষ্যতে মৃৎশিল্পের জগতে নতুন পরিচিতি এনে দেবে বলেই আশা।