• শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধা জানিয়ে তৈরি হচ্ছে মিউজিক্যাল ড্রামা ‘লাভ ইউ জুবিনদা’। এই ছবির গল্প, সংগীত ও পরিচালনার দায়িত্বে শ্রী প্রীতম। এমডি ফারুক উদ্দিন প্রযোজিত এই ছবির কেন্দ্রে রয়েছে বিশাল। ছোটোবেলা থেকেই জুবিন গর্গের ভক্ত সে। বহুবার চেষ্টা করেও প্রিয় শিল্পীর সঙ্গে দেখা হয়নি তার। কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির জোরে যখন সে সাফল্যের কাছাকাছি, তখনই তার জীবনে নেমে আসে সংকট। এভাবেই এগিয়েছে চিত্রনাট্য। এই ছবির অন্যতম আকর্ষণ জুবিনের দু’টি অপ্রকাশিত গান। পরিচালক বলেন, ‘পুরো ছবির মাধ্যমে জুবিনদাকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করেছি। এই ছবি আমার জীবনের এক সোনালী অধ্যায়। ২০১১ সাল থেকে মিউজিক ডিরেক্টর হিসাবে টলিউডে জুবিনদার সঙ্গে বহু গানে কাজ করার সুযোগ হয়েছে। তাঁকে খুব কাছ থেকে পেয়েছি। সেই ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই এই ছবির ভাবনা।’ ছবির নায়ক ইকবাল রহিমি। তিনি বলেন, ‘জুবিন গর্গ শুধু একজন শিল্পী নন, তিনি কয়েক লক্ষ মানুষের অনুপ্রেরণা। এমন একটি ছবির অংশ হতে পেরে গর্বিত।’ নায়িকার ভূমিকায় নবাগতা বর্ষা সেনগুপ্ত। তাঁর কথায়, ‘পরিচালকের মাধ্যমে জুবিনদার সঙ্গে পরিচয় হয়েছিল। তাঁর সঙ্গে কাটানো কিছু মুহূর্ত আমার কাছে মূল্যবান।’ অসমের গুয়াহাটিতে এই ছবির পোস্টার লঞ্চ করবেন জুবিনের স্ত্রী গরিমা গর্গ।



