সংবাদদাতা, বেলদা: পরিবেশ দূষণ থেকে রক্ষা করতে গাছ লাগানোর উদ্যোগ সর্বত্রই নেওয়া হয়। কিন্তু, সেই গাছ রক্ষা বা দেখভালের দায়িত্ব নেওয়া হয় না। আর এই বিষয়টি মাথায় রেখে ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে তাদের দিয়ে একটি অভিনব কর্মসূচির আয়োজন করল দাঁতনের মেনকাপুর কৃষ্ণপ্রসাদ উচ্চ বিদ্যালয়। ছাত্রছাত্রীদের প্রত্যেকের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। ‘মায়ের নামে একটি গাছ’ এই কর্মসূচিতে প্রত্যেক ছাত্রছাত্রী তাদের মায়ের নামে একটি করে গাছ রাস্তার ধারে রোপণ করবে। যেভাবে মাকে সম্মান দেয় যত্নআত্তি করে ঠিক সেভাবেই প্রত্যেক ছাত্রছাত্রী নিজের মায়ের ন্যায় ওই গাছগুলিকে যত্নআত্তি করে বেড়ে ওঠতে সাহায্য করবে। ছাত্র-ছাত্রীদের মনে এই সচেতনতার বার্তা দিতেই এই বিশেষ কর্মসূচির আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার মেনকাপুর কৃষ্ণপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে একামলিপুর থেকে শালিকোঠা পর্যন্ত রাস্তার দু’ধারে পরিবেশ বান্ধব গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়। প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রী একটি করে গাছ রাস্তার ধারে রোপণ করে। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভানুচন্দ্র দাস, পরিচালন সমিতির সভাপতি তরুণ দাস, সদস্য দীপঙ্কর দাস, শালিকোঠা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ দাস এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। তরুণবাবু বলেন, গাছ লাগানো শুধু লক্ষ্য নয়, যত্ন সহকারে প্রতিটি গাছ বাঁচিয়ে রাখাই আমাদের শপথ। সেজন্য ছাত্রছাত্রীদের মধ্যে এই সচেতনতা বার্তা দিতে এই অভিনব কর্মসূচির আয়োজন করা হয়েছে। আশা করি আগামীতে ছাত্রছাত্রীরা নিজেদের মায়ের মতোই যত্ন নিয়ে এই গাছগুলি বেড়ে উঠতে সাহায্য করবে।-নিজস্ব চিত্র